পাঁচ বছরেও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টারটির নির্মাণকাজ শেষ হওয়ার পাঁচ বছর পরও চালু হয়নি। গত বছর ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের অন্যান্য প্রকল্পের সঙ্গে উদ্বোধন করেন এ ট্রমা সেন্টার। উদ্বোধনের এক বছর পার হলেও জনবল ও যন্ত্রপাতির অভাবে চালু হয়নি এ চিকিৎসাকেন্দ্র।
সরেজমিনে জানা যায়, বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক কক্সবাজারে আসা-যাওয়ার পথে নানা দুর্ঘটনার শিকার হন। সময়মতো চিকিৎসা পেতে চট্টগ্রাম-কক্সবাজারের মাঝামাঝি লোহাগাড়ায় ২০০৭ সালের জুন মাসে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এ ট্রমা সেন্টার স্থাপনের কাজ শুরু হয়। তিনতলাবিশিষ্ট এ হাসপাতালে রয়েছে ২০টি শয্যা। এর মধ্যে বিশেষ কেবিন (ভিআইপি) দুটি এবং সাধারণ শয্যা ১৮টি। ভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন অন্তত ১৫-২০ জন সাধারণ রোগীসহ হাড়ভাঙা রোগী এ হাসপাতালে আসেন। ট্রমা সেন্টারটি চালু না হওয়ায় এসব রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতাল-সংলগ্ন স্থানীয় বাসিন্দা খোকন চৌধুরী জানান, ট্রমা সেন্টারটি চালু না হওয়ায় ভবনটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত রোগীরা হাসপাতালে এসে ফেরত যাচ্ছেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) হাসান শাহরিয়ার জানান, ট্রমা সেন্টার উদ্বোধন হলেও কোনো প্রকার জনবল, যন্ত্রপাতি ও আসবাব না থাকায় ট্রমা সেন্টারটি চালু করা যায়নি। এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জনকে অবহিতকরণ এবং লোহাগাড়া উপজেলার সমন্বয় সভায় তা আলোচনা করা হয়েছে। তবে স্থানীয়ভাবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দিয়ে আংশিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম সিভিল সার্জন মো. সরফরাজ খান চৌধুরী জনবল ও যন্ত্রপাতির অভাবের কথা স্বীকার করে প্রথম আলোকে জানান, ট্রমা সেন্টারটি চালুর ব্যাপারে স্বাস্থ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অচিরেই ট্রমা সেন্টারটি চালুর উদ্যোগ নেওয়া হবে।