পাঁচ বছরেও মেরামত হয়নি বাঁধগুলো
ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পাঁচ বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর বন্যানিয়ন্ত্রণ বাঁধগুলো আজও মেরামত ও পুনর্নির্মাণ করা হয়নি। ফলে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে জেলার বাসিন্দারা।পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় থেকে জানা গেছে, সিডরে জেলার ১২০৯ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৬৪৪ দশমিক ৭৯ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৮২ দশমিক ৭৯ কিলোমিটার বাঁধ পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। সিডর-পরবর্তী জরুরি পুনর্বাসন কাজের আওতায় বাঁধগুলো মেরামত ও পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়। এর মধ্যে ২০০৮ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় আবারও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে নদীতে অস্বাভাবিক জোয়ারের কারণেও বাঁধের অবস্থা আরও খারাপ হতে থাকে। পটুয়াখালী পাউবো কার্যালয় সূত্র জানায়, তাদের কার্যালয়ের আওতায় ৪৯৮ কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে মেরামতযোগ্য বাঁধ ২৫০ কিলোমিটার এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাঁধ কমপক্ষে ২০ কিলোমিটার। দশমিনা উপজেলার ৫৫/২-ডি পোল্ডারের ৬৪ কিলোমিটার বাঁধ আজ পর্যন্তও মেরামত করা হয়নি। দশমিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, বাঁধ মেরামত না করায় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তিনি বলেন, আগে বাঁধগুলো যে উচ্চতায় নির্মাণ করা হয়েছিল, বর্তমানে জলোচ্ছ্বাসের পানির উচ্চতা তার চেয়ে বেশি। তাই নতুন বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের ক্ষেত্রে আরও উঁচু করার ওপর জোর দেওয়া উচিত। মির্জাগঞ্জ উপজেলার সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেউলীসুবিদখালী ইউনিয়নের ৪১/৭ পোল্ডারের ৫০ কিলোমিটার বাঁধের ১৫ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে ১০টি পয়েন্টের আড়াই কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে। মির্জাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আবদুল মাজেদ গোলদার বলেন, তাঁর ইউনিয়ন পুরোপুরি অরক্ষিত রয়েছে। কলাপাড়া উপজেলার ৭১১ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের মেরামতযোগ্য বাঁধ রয়েছে ২০০ কিলোমিটার ও সম্পূর্ণ ভাঙা অবস্থায় রয়েছে তিন কিলোমিটার। পাউবোর কলাপাড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সফিউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত ও সম্পূর্ণ ভেঙে যাওয়া বাঁধগুলো মেরামত ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাউবোর পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবুবকর ভূঁইয়া বলেন, ২০১১ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে সীমিত আকারে জেলায় ক্ষতিগ্রস্ত কিছু বাঁধ মেরামতের কাজ শুরু হয়। এর মধ্যে এক কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। এই টাকা দিয়ে তাঁরা জেলার দুমকির মুরাদিয়ায় ও মির্জাগঞ্জের সুবিদখালীর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ করা হচ্ছে। নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ উঁচু করার বিকল্প নেই।