শিক্ষা-কার্যক্রম শুরুর পাঁচ বছরেও টাঙ্গাইলের সরকারি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ করা হয়নি। অতিথি শিক্ষক দিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটি। ফলে নানা সমস্যায় শিক্ষার্থীরা সঠিক পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন।বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, টেক্সটাইলে ডিপ্লোমা অর্জনকারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সরকার ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি (বিআইটিটি)’ নামের প্রতিষ্ঠানটি স্থাপন করে। টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের ক্যাম্পাসে শুরু হয় এর কার্যক্রম। প্রায় ১০৭ কোটি টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজও শেষের পথে। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করে পাঠদান শুরু হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এর নামকরণ করা হয় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। বর্তমানে চারটি ব্যাচের ২৩০ জন শিক্ষার্থী বিএসসি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করছেন। টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট), টাঙ্গাইল টেকনিক্যাল কলেজ, টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট ও সরকারি সা’দত কলেজ থেকে ধার করে শিক্ষক এনে এখানে কোনো রকমে পাঠদান চালানো হচ্ছে। সম্প্রতি সরজমিনে টাঙ্গাইলের বাজিতপুর সড়কে ইনস্টিটিউটের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা বাইরে ঘোরাফেরা করছেন। তাঁরা জানান, যেহেতু অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষক এনে ক্লাস চালানো হয়, তাই তাঁরা নিজেদের প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে অবসর সময় এখানে ক্লাস নেন। শিক্ষার্থীদের প্রতীক্ষায় থাকতে হয়—কখন শিক্ষক আসবেন। বিএসসি ইঞ্জিনিয়ারিং চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান বলেন, ‘শিক্ষকবিহীন প্রতিষ্ঠানে ধার করে আনা শিক্ষকদের কাছ থেকে পাঠ নিয়ে স্নাতক ডিগ্রি কোর্স সম্পন্ন করলাম।’ তৃতীয় বর্ষের ছাত্র আবদুল কাইয়ুম বলেন, ‘এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স করানোর উপযোগী কিছুই নেই। শুধু আমরা শিক্ষার্থীরা আছি।’ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বিভাগের চিফ ইনস্ট্রাক্টর আতাউল ইসলাম বলেন, ‘প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে একজন ভান্ডাররক্ষক, একজন পিওন ও একজন নৈশপ্রহরী দেওয়া হয়েছে। তাঁদের নিয়ে চলছে কলেজের কার্যক্রম। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা অতিথি শিক্ষক দিয়ে যথাযথভাবে পাঠদানের চেষ্টা করছি।’ প্রকল্প পরিচালক মনসুরুল আলম জানান, ১০৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে কালিহাতী উপজেলার বাগুটিয়ায় প্রতিষ্ঠানটির জন্য সাত একর জায়গার ওপর একাডেমিক ভবন, ছাত্রাবাস, শিক্ষকদের আবাসিক ভবনসহ সব ধরনের অবকাঠামো নির্মাণকাজ শেষ পর্যায়ে। এ বছরের মধ্যেই নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করা যাবে। শিক্ষক-কর্মচারী নিয়োগের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।