পাঁচ বছরেও শেষ হয়নি নতুন ভবনের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ শুরুর ১৮ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা পাঁচ বছরেও শেষ হয়নি। ২০০৭ সালে নির্মাণকাজ শুরুর পর তা বিভিন্ন সময়ে বন্ধ ছিল। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার কাজ কার্যত থেমে আছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করতে নতুন তিনতলা ভবন নির্মাণের কাজ পায় মেসার্স লতিফ বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সে সময় ভবনের নির্মাণ ব্যয় ধরা হয় চার কোটি ৪১ লাখ টাকা। ২০০৭ সালের মে মাসে কাজ শুরুর পর ১৮ মাসের মধ্যেই তা শেষ হওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মেসার্স লতিফ বিল্ডার্স নির্মাণকাজ পেলেও কাজ করছে স্বপন ট্রেডার্স নামের অন্য একটি প্রতিষ্ঠান। এ ছাড়া কয়েক দফা সময় নিয়েও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারকে চিঠি দিয়ে কয়েকবার সতর্ক করেছে ব্রাহ্মণবাড়িয়ার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত কাঠামো দাঁড় করানো হয়েছে। তবে ভবনের ফ্লোর ও দেয়ালে কোনো পলেস্তারা করা হয়নি, দরজা-জানালাও লাগানো হয়নি। একই সঙ্গে নতুন ভবনে চিকিৎসকদের থাকার জায়গাতেও ফ্লোর ও দেয়ালে পলেস্তারা করা হয়নি, কোনো দরজা-জানালাও লাগানো হয়নি। পুরোনো ভবনের সংস্কারকাজ বন্ধ: নতুন ভবনের নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের সংস্কারকাজও দীর্ঘদিন ধরে থেমে আছে। এতে হাসপাতালের রোগীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাথরুমের দরজা ভাঙা, জানালা ভাঙা, পাখা নষ্ট, পানিস্বল্পতা ইত্যাদি সমস্যার কারণে হাসপাতালে থাকা কঠিন হয়ে পড়েছে। হাসপাতালের চিকিৎসক আবদুছ ছালাম সিকদারও জানান, বিশুদ্ধ পানির স্বল্পতাসহ হাসপাতালের পানিতে অতিরিক্ত আয়রন থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. সরফরাজ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নতুন ভবনের নির্মাণকাজ যেভাবে হচ্ছে, তাতে আমরা বিরক্ত। বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে অনেকবার আলোচনা করেছি, তবে কোনো কাজ হয়নি।’ ব্রাহ্মণবাড়িয়ার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম এ হান্নান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দপ্তর থেকে ঠিকাদারকে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ৩৫ বার চিঠি দিয়েছি। তবে চিঠির বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিলের চিন্তাভাবনা করা হচ্ছে।’ লতিফ বিল্ডার্সের সহকারী ঠিকাদার ইরফান ইকবাল প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কথা না থাকলেও পাইলিং করতে হয়েছে। এ জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। আর কর্তৃপক্ষ অতিরিক্ত ব্যয় বহনের আশ্বাস দিয়েও অর্থ বরাদ্দ না বাড়ানোয় নির্মাণকাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।