পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ
ঢাকা-মদনপুর-আড়াইহাজার সড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন প্রভাকরদী সেতুর নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং অর্থ বরাদ্দ না থাকায় সেতুটির নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র জানায়, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীনে ব্রহ্মপুত্র নদের ওপর সেতুটি নির্মাণের জন্য ২০০৭ সালে দরপত্র আহ্বান করা হয়। সওজ কর্তৃপক্ষ নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়ে কার্যাদেশ দেয়। ২০০৮ সালে ঠিকাদার কাজ শুরু করেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান পাঁচ বছরেও কাজ শেষ করতে পারেনি। এরই মধ্যে গত আগস্টে সেতুর দক্ষিণ প্রান্তের দুটি গার্ডার ভেঙে পড়ে। অভিযোগ রয়েছে, নির্মাণকাজের ত্রুটির কারণেই গার্ডার দুটি ভেঙে পড়েছে। সেতুর গার্ডার ভেঙে পড়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন প্রকল্প এলাকা ছেড়ে চলে গেছেন।নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই, তাই সেতুটির নির্মাণ কবে নাগাদ শেষ করা যাবে, তার নিশ্চয়তা আমরা দিতে পারছি না।’ তিনি বলেন, ‘আমি এখানে যোগদানের আগেই ঠিকাদার সব টাকা উত্তোলন করে চলে গেছেন।’ সেতু নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি থাকতে পারে বলে মন্তব্য করেন নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান।এ ব্যাপারে বক্তব্য জানতে চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় স্থানীয় লোকজন ভোগান্তি পোহাচ্ছে। আড়াইহাজার উপজেলার ইদবারদী গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন ও শাহাবুদ্দিন বলেন, সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় আড়াইহাজার উপজেলার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। তাঁরা অবিলম্বে সেতুটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান। স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘সেতুটির নির্মাণকাজ শেষ করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, আবারও এই সেতুর নির্মাণকাজ শুরু করা যাবে।’