পাঁচ বছরেও সন্ধান মেলেনি সাংবাদিকের

ইত্তেফাক-এর যশোরের অভয়নগর উপজেলা প্রতিনিধি ও চলিশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বি এম ওয়াহিদুজ্জামান ওরফে লনির সন্ধান মেলেনি। ২০০৮ সালে থাইল্যান্ডে বেড়াতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার লনির পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করেও তাঁর ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসও তাঁর সন্ধান জানাতে পারেনি।
লনির পরিবার জানায়, ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর ওয়াহিদুজ্জামান পর্যটন ভিসায় থাইল্যান্ডে বেড়াতে যান। তাঁর পাসপোর্ট নম্বর-এক্স-০৫৯৪৪৪২। ওই দিন সকালে ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বিমানে ব্যাংককে পৌঁছে তিনি স্ত্রী ফারজানা জামানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই বছরের ৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু এরপর থেকে তাঁর কোনে খোঁজ পাওয়া যায়নি।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম রফিকুল আলম বলেন, ‘আমরা বিশ্বাস করি, সাংবাদিক লনি বেঁচে আছেন। তাঁর সন্ধান পেতে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’