পাঁচ বছরেও সেতুর কাজ শেষ হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ও ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত গুমানী নদীর ওপর একটি সেতুর নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ঠিকাদার প্রায় তিন বছর আগে সোয়া কোটি টাকা বিল তুলে কাজ ফেলে চলে গেছেন। এ কারণে দুটি উপজেলার শতাধিক গ্রামের প্রায় দুই লাখ মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, নদীর এপারে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা হাট এবং ওপারে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর হাট। নৌকার মাধ্যমে সাইকেল, মোটরসাইকেল ও মালামাল পারাপার করছেন এলাকাবাসী। ঘাট এলাকায় নদীর একপাশে দুটি পিলার দাঁড়িয়ে আছে। পিলারের পাশে একটি অ্যাবাটমেন্ট ওয়াল। ওপারে আরও একটি অ্যাবাটমেন্ট ওয়াল। এলাকাবাসী জানান, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার জন্য ২০০৭ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পাইলিং ও কয়েকটি পিলার তৈরির পর ঠিকাদার কাজ ফেলে চলে যান। এরপর গত পাঁচ বছরে আর কোনো কাজ হয়নি। পিলার থেকে যেসব রড বেরিয়েছিল, তার অধিকাংশই চুরি হয়ে গেছে।নিমাইচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল মামুন জানান, সেতুটি নির্মিত হলে নদীর দুই পারের দুটি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষের উপকার হতো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাটমোহর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে পাঁচ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ৫১৯ টাকায় সেতুটির নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজের ঠিকাদারি পায় ঢাকার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ২০১০ সালের এপ্রিলে কাজটি শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার ১৫৮ দশমিক ৬০ মিটার দীর্ঘ সেতুটির দুটি অ্যাবাটমেন্ট ওয়ালসহ ২০ শতাংশ কাজ করে প্রায় এক কোটি ১৫ লাখ টাকার বিল তুলে চলে চান। পরবর্তী সময় কাজের মেয়াদ তিন দফা বাড়ানো হলেও ঠিকাদার ফিরে আসেননি।এলজিইডি চাটমোহর উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজটি শেষ হয়নি। আমরা ২০১০ সালের জুনে প্রতিষ্ঠানটির দরপত্র বাতিল করেছি। বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে ১০ শতাংশ হিসাবে ৪২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেতুটি নির্মাণে নতুন করে ছয় কোটি ৯২ লাখ টাকার একটি প্রকল্প তৈরি করা হয়েছে। যে পর্যন্ত কাজ হয়েছে, সেখান থেকেই নতুন কাজ শুরু হবে। শিগগির নতুন দরপত্র আহ্বান করা হবে।’