পাঁচ বছরের জন্যই সরকার গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে স্থানীয় মন্ত্রী-সাংসদদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘উনি এখন চিন্তা করছেন আলোচনা হবে। আবার নির্বাচন হবে। তা হবে না। সংবিধান অনুযায়ী আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি। পাঁচ বছরের আগে কোনো নির্বাচন নেই।’ সংবর্ধিত এই মন্ত্রী আরও বলেন, ‘জামায়াত-শিবিরকে যদি ছেড়ে আসেন তাহলে আমরা আলোচনা করব পাঁচ বছর পর কীভাবে নির্বাচন হবে।’
চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ এই সংবর্ধনা সভার আয়োজন করে। এতে সংবর্ধিত অতিথি পানিসম্পদমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নবনির্বাচিত সাত সাংসদ মঈন উদ্দীন খান বাদল, জাপা প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, দিদারুল আলম, মাহফুজুর রহমান বক্তব্য দেন। চট্টগ্রাম থেকে নির্বাচিত অপর ছয় সাংসদ উপস্থিত ছিলেন না। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মোশাররফ হোসেন বলেন, কর্ণফুলী নদীতে টানেল হবে। চট্টগ্রামের উন্নয়ন অব্যাহত থাকবে।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সদ্যসমাপ্ত নির্বাচন ছিল স্বাধীনতা রক্ষার নির্বাচন, উন্নয়ন অব্যাহত রাখার নির্বাচন। দেশি-বিদেশি অনেক চাপ ছিল। কিন্তু বাংলাদেশ এখন আর কারও কথায় চলে না। এ দেশের মানুষের রায়ে এখন বাংলাদেশ চলে।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের জন্য সব মন্ত্রী-সাংসদকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের সেবা করতে না পারলে আমাদের মন্ত্রিত্ব অর্থহীন।’ মঈন উদ্দীন খান বলেন, ‘বিএনপি আবার মূল রাজনীতিতে ফিরে আসতে চাইছে। আমরা তাদের সাধুবাদ জানাই। সহযোগিতা করতে চাই। তবে সহিংসতা ও জামায়াতকে পরিহার করতে হবে।’ সাতকানিয়া থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, সাতকানিয়া দীর্ঘ ৪২ বছর একটি ছোট্ট পাকিস্তান ছিল। দীর্ঘদিন পর স্বাধীন হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নুরুল আলম চৌধুরী ও এম এ সালাম, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহাম্মদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন প্রমুখ বক্তব্য।