পাঁচ বছরের কম বয়সী ৩৬ শতাংশ শিশু খর্বাকৃতির
দেশের পাঁচ বছরের কম বয়সী ৩৬ শতাংশ শিশু খর্বাকৃতির। এক-তৃতীয়াংশ নারী অপুষ্টিতে ভুগছেন। এই নারীদের বেশির ভাগই গর্ভকালীন সময়ে রক্তস্বল্পতায় ভোগেন। দেশের পুষ্টি পরিস্থিতির এই চিত্র তুলে ধরে গবেষকেরা বলেছেন, পুষ্টিকে গুরুত্ব দিয়ে কৃষি উৎপাদন করতে হবে। অর্থাৎ শাকসবজি, ডাল, তেল, মাছ ও গবাদিপশু পালনের দিকে মনোযোগ দিতে হবে।
গতকাল রোববার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত দিনব্যাপী এক সিম্পোজিয়ামে এসব তথ্য ও পরামর্শ দেওয়া হয়। জাতিসংঘের কৃষি ও খাদ্য-বিষয়ক সংস্থা (এফএও) ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক উন্নয়ন-বিষয়ক সংস্থা ইউএসএআইডির সহযোগিতায় এই সিম্পোজিয়ামে সরকারি ও বেসরকারি কৃষি-বিষয়ক সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে এফএওর প্রধান কার্যালয়ের পুষ্টি বিভাগের প্রধান আনা লারটে পুষ্টি সমস্যার সমাধানে তিনটি পরামর্শ দেন। প্রথমত ঘরবাড়ির আশপাশে পরিবারের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর ফসল উৎপাদন করতে হবে। পরিবারের সব সদস্যের মধ্যে সমানভাবে পুষ্টিকর খাবার দিতে হবে। দ্বিতীয়ত পারিবারিক আয় দিয়ে বেশি বেশি খাদ্য কেনার চেয়ে পুষ্টিকর ও উচ্চ মানসম্পন্ন খাদ্য কেনার দিকে মনোযোগ দিতে হবে। পরিবারে খাদ্য উৎপাদন এবং কেনার ক্ষেত্রে নারীদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজা পরিবারে পুষ্টি নিরাপত্তা না থাকলে সংক্রামক ব্যাধির পরিমাণ বাড়বে। ফলে এক ধরনের ফসল উৎপাদনের চেয়ে নানা ধরনের পুষ্টিকর খাবার উৎপাদনের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সরকারের খাদ্য উৎপাদনের নীতিতে পুষ্টিকর খাবার উৎপাদনের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন জাত উদ্ভাবন করে তা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) প্রধান নির্বাহী আখতার ইউ আহমেদ বলেন, পুষ্টিকর খাদ্য উৎপাদনে সরকারের সম্প্রসারণ কর্মীদের সঙ্গে বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।