পাঁচ বছরের কাজ শেষ হয়নি ১৩ বছরেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলায় একটি নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হয়েছিল ১৯৯৭ সালে। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে পাঁচ বছরের কাজ দীর্ঘ ১৩ বছরেও শেষ হয়নি। তার ওপর তিন বছর ধরে কাজ বন্ধ রয়েছে। কবে নতুন এই কারাগারের নির্মাণকাজ সমাপ্ত হবে, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. জাকের হোসেন প্রথম আলোকে বলেন, সুনামগঞ্জ কারাগারে বন্দীর ধারণক্ষমতা ১০৪ জন। কিন্তু বন্দী আছে প্রায় ছয় গুণ। ৪০০ বন্দীর ধারণক্ষমতাসম্পন্ন নতুন কারাগারটি চালু হলে এ চাপ অনেকাংশে কমে যেত।জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯৬-৯৭ অর্থবছরে সারা দেশে একযোগে ১৯টি জেলায় একটি করে নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১৯টি কারাগার নির্মাণ প্রকল্পে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলাও ছিল। মৌলভীবাজার জেলা কারাগারের নির্মাণকাজ শেষ। কিন্তু সুনামগঞ্জ জেলা কারাগারের কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। অথচ প্রকল্পের মেয়াদ ছিল পাঁচ বছর। পরে বারবার সময় বাড়িয়ে কাজ শেষ করা যায়নি। এ জন্য অর্থ পাওয়াটাকেই বড় সমস্যা বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সুনামগঞ্জ-সিলেট সড়কের পাঁচ কিলোমিটারের মাথায় লক্ষ্মণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও এলাকায় ১০ একর জমির ওপর নতুন কারাগারটি নির্মাণ হচ্ছে। ৪০০ বন্দীর ধারণক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন কারাগারের কাজে ১৩টি প্রতিষ্ঠান নিয়োজিত রয়েছে। শুরুতে ব্যয় ধরা হয়েছিল সাড়ে ১৭ কোটি টাকা। নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে নতুন দর ধরে বাকি কাজ শেষ করতে মোট ব্যয় ধরা হয় ২৬ কোটি টাকা। ইতিমধ্যে প্রায় ৬০ শতাংশ কাজ করতে ১৩ কোটি টাকা ব্যয় হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সরেজমিনে দেখা যায়, কারাগারের অভ্যন্তরীণ রাস্তা, ড্রেন, শিশু-কিশোর কয়েদি সেল, নারী কয়েদি সেল, সেলগুলোর পৃথক নিরাপত্তা দেয়াল, কারারক্ষীদের আবাসিক ভবন, কারা তত্ত্বাবধায়কের অফিস ও আবাসিক ভবন, ফাঁসির মঞ্চ, ধোপাঘর, বন্দীদের ওয়ার্কসেট, পুলিশ ব্যারাক নির্মাণ ও বিদ্যুতায়নের কাজ এখনো শুরু হয়নি। ডিভিশন পাওয়া বন্দীদের একটি সেল, নারী বন্দীদের একটি সেল, কারাগারের ভেতরের মূল দেয়াল, হাজতখানা ও কর্মকর্তা-কর্মচারীদের একটি আবাসিক ভবন নির্মাণের কাজ অসমাপ্ত রয়েছে। এ ছাড়া পুরুষ কয়েদিদের পাঁচটি সেলের নির্মাণকাজ শেষ হয়েছে। হাসপাতালের ভবন নির্মাণ শেষ হলেও দরজা-জানালা ও রঙের কাজ এখনো বাকি। মহিলা কয়েদিদের অপর সেলটি নির্মাণের জন্য একটি পুকুরের মধ্যে কয়েকটি পিলার তৈরি করে ফেলে রাখা হয়েছে। কারাগারে যাওয়ার মূল সড়কটির এখনো কোনো কাজ হয়নি। একজন পাহারাদার রাখা হয়েছে ভবন আর জিনিসপত্র দেখাশোনার জন্য।কারাগারের নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর একটি ছিল সুনামগঞ্জের মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবুল মহসিন মাহবুুব জানান, তাঁরা পুরোনো দরে কাজ করেছেন। একসময় বরাদ্দ বন্ধ হওয়ায় কাজও বন্ধ হয়ে যায়। এখনো ঠিকাদারদের কিছু টাকা বকেয়া আছে। তিনি বলেন, ‘এখন নির্মাণসামগ্রীর দাম বেড়ে গেছে। তাই পুরোনো দরে কাজ করা সম্ভব নয়। বরাদ্দ পাওয়া গেলে বাকি কাজের জন্য নতুনভাবে দরপত্র আহবান করা হবে বলে শুনেছি।’সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের প্রকৌশলী মো. কবির হোসেন বলেন, ৬০ শতাংশ কাজ শেষ হওয়ার পর অর্থ বরাদ্দ না পাওয়ায় নির্মাণকাজ ২০০৮ সালের জুন মাস থেকে বন্ধ আছে। বাকি কাজের জন্য প্রাক্কলন জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আবার কাজ শুরু হবে।