পাঁচ বছরের মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যাওয়া, আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিপীড়ন, বাক্স্বাধীনতায় হস্তক্ষেপ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা—সব মিলিয়ে ২০১৩ সালে বাংলাদেশের মানুষ চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়। মানবাধিকার সংগঠন অধিকারের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন ২০১৩-তে এই দাবি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রতিবেদনটি প্রকাশ করে সংগঠনটি।
বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। ২০১৩ সালে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার হাতে ৩২৯ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়। পাঁচ বছরে এই সংখ্যা ছিল সর্বোচ্চ। এর মধ্যে পুলিশের হাতে সর্বোচ্চ ১৭৫ জন এই হত্যার শিকার হয়। ২০০৯ সালে বিচারবহির্ভূত হত্যার সংখ্যা ছিল ১৫৪। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জড়িত থাকার কোনো ঘটনা ঘটেনি। তবে ২০১৩ সালে তারা ১১ জনকে হত্যা করে।
প্রতিবেদনে মহাজোট সরকারের তীব্র সমালোচনা করে বলা হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও মহাজোট সরকার একের পর এক নিপীড়নমূলক আইন করে জনগণের অধিকারকে ভূলুণ্ঠিত করেছে।
অধিকারের কর্মসূচি সমন্বয়কারী সাজ্জাদ হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, দেশের ৪০টি জেলায় অধিকারের নিজস্ব মানবাধিকারকর্মীদের অনুসন্ধান ও সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সমন্বয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়।