প্রতিষ্ঠার ১২ বছর ও পরীক্ষায় অংশ নেওয়ার পাঁচ বছরের মাথায় দিনাজপুর শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেসরকারি আমেনা-বাকী রেসিডেনশিয়াল মডেল স্কুল। বোর্ডের অধীন ঐতিহ্যবাহী বহু শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে স্কুলটি এবার সেরা ২০-এর তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। ওই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৭৯ জন শিক্ষার্থীর সবাই এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, আমেনা-বাকী মডেল স্কুলটি পরীক্ষায় অংশ নেওয়ার পাঁচ বছরের মাথায় এবার শ্রেষ্ঠত্ব অর্জন করল। এটি বিস্ময়ের জন্ম দিয়েছে।
আমেনা-বাকী স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ২০০১ সালে বেসরকারি উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পায়।
এরপর গত তিন বছর দিনাজপুর বোর্ডের সেরা ২০-এর তালিকায় তৃতীয় স্থান অর্জন করে। পঞ্চমবারে এসে স্কুলটি বোর্ডের মধ্যে প্রথম স্থান লাভ করল।
ওই স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সাকিব শাহরিয়ার জানায়, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৭৯ জন শিক্ষার্থীর ৭৫ জনই স্কুলের আবাসিক হোস্টেলে থাকত। তারা সব সময় একে অপরকে সহায়তা করত।
মাধ্যমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, আমেনা-বাকী স্কুলের এই সাফল্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।