নওগাঁর সীমান্ত থেকে গত দুই দিনে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার ও বুধবার সাপাহার ও পোরশা সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খিজির খান বলেন, পাঁচ বাংলাদেশিকে আটকের বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ ও গরু চোরাচালানের অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে গরু চরানোর সময় ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকে পড়লে শহিদুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে আটক করে বিএসএফ। শহিদুল উপজেলার বিষ্ণুপুর কাটাপুকুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এর আগে ওই দিন ভোরে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ওপারে উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের সাদেকুল ইসলামের ছেলে রুবেল হোসেন (৩০) ও কলমুডাঙ্গা চৌমুহনী গ্রামের আবদুল্লাহর ছেলে ফিরোজ কবিরকে (২৫) আটক করে বিএসএফ। একই সীমান্ত দিয়ে গত বুধবার ভোরে গরু আনার সময় কলমুডাঙ্গার শফিকুল ইসলামের ছেলে মাহাবুর রহমান (২৮) ও উপজেলার কারিয়াপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোজাম্মেল হককে (৩০) আটক করে বিএসএফ।