পাঁচ বাঙালি জেলের খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার সাত দিন পরও পাঁচ বাঙালি জেলের খোঁজ মিলছে না। এ ঘটনায় রাঙামাটির বরকল উপজেলায় আদিবাসীদের বেশ কয়েকটি দোকান ভাঙচুরের খবর পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ৪ ডিসেম্বর রাতে ভারত সীমান্তবর্তী বরকলের ভূষণছড়া ইউনিয়নের তাগলকবাগ এলাকার কর্ণফুলী নদী থেকে পাঁচ বাঙালি জেলে নিখোঁজ হন। তাঁরা হলেন: মোখলেস (২৮), জাহিদ (২৬), আজহার (২৮), রমজান (২৭) ও ইউছুফ (৩২)। সূত্রগুলো জানায়, নিখোঁজ জেলেদের উদ্ধারের দাবিতে বাঙালিরা গতকাল রোববার সকালে উপজেলার বড় হরিণা বাজারে মিছিল করেছে। এ সময় মারমা আদিবাসীদের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। তবে এ ঘটনা সত্য নয় বলে মন্তব্য করেছেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস হোসেন। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। অপহূত জেলেদের স্বজনদের দাবি, আদিবাসী সন্ত্রাসীরা তাঁদের অপহরণ করেছে। এরা বেশ কিছুদিন ধরে তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছিল। বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন অপহূতদের উদ্ধারে গত বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আইনশৃৃঙ্খলা বাহিনী উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।