পাঁচ বাজারে ৪৭৫, দুটিতে ৫০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরেজমিনে সাতটি কাঁচাবাজারে গিয়ে পাঁচটিতে সিটি করপোরেশনের বেঁধে দেওয়া দামে গরুর মাংস বিক্রি করতে দেখা গেছে। দুটি কাঁচাবাজারে দাম মানা হয়নি। রমজানের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার দুই সিটি করপোরেশনের এই বাজারগুলো ঘুরে দেখা হয়।
সিটি করপোরেশন ও মাংস ব্যবসায়ীরা বলছেন, প্রথম রমজানে কিছু বিক্রেতা বেশি দামে গরুর মাংস বিক্রি করলেও রমজানের দ্বিতীয় দিন থেকে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে এখন তা নিয়ন্ত্রণে এসেছে।
গত ২৩ মে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রতি কেজি দেশি গরুর মাংসের দাম ৪৭৫ টাকা নির্ধারণ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত বছরের রমজানে নির্ধারিত দামের চেয়ে যা ৫৫ টাকা বেশি। এ ছাড়া বিদেশি জাতের (বোল্ডার) প্রতি কেজি গরু ও মহিষের মাংস ৪৪০ টাকা, খাসির মাংস ৭২৫ টাকা এবং ভেড়া ও ছাগলের মাংস ৬২০ টাকা করে নির্ধারণ করা হয়। পরে উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) তাদের আওতাভুক্ত এলাকাগুলোর জন্য মাংসের এই দর অনুসরণের কথা জানায়। ২৬ রোজা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এই দামে মাংস বিক্রির কথা রয়েছে।
গতকাল নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি হচ্ছে কি না, তা দেখার জন্য শেওড়াপাড়া বাসস্ট্যান্ড বাজার, তালতলা বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট-সংলগ্ন কাঁচাবাজার ও টাউন হল বাজার, নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার, হাতিরপুল বাজার ও কারওয়ান বাজার কিচেন মার্কেট পরিদর্শন করেন এই প্রতিবেদক। এর মধ্যে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ও তালতলা বাজারের মাংসের পাঁচটি দোকানে ৫০০ টাকা দরে মাংস বিক্রি করতে দেখা যায়। এর মধ্যে তালতলা বাজার গরুর মাংসের দুটি দোকানে কোনো মূল্যতালিকা টাঙানো ছিল না।
নির্ধারিত দরের চেয়ে বেশি দামে মাংস বিক্রির কারণ জানতে চাইলে তালতলা বাজারের মাংস বিক্রেতা মোহাম্মদ বাচ্চু বলেন, ‘যারা দাম ঠিক করছে, তারা তো আর বাজার যাচাই করে নাই। গরুর দাম বেশি, ৫০০ ট্যাকার নিচে ব্যাচতে গেলেই লস।’ বাজারের আরেক বিক্রেতা মোহাম্মদ সুজনও একই কথা বললেন।
আর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন বাজারের একমাত্র মাংসের দোকানটিতে ৪৭৫ টাকার নির্ধারিত তালিকা টাঙানো থাকলেও দাম চাওয়া হয় ৫০০ টাকা। বিক্রেতা সাইফুল হক বলেন, সাইনবোর্ড টানাইছি বাধ্য হয়ে। কিন্তু ৪৭৫ টাকায় বিক্রি করা আসলে সম্ভব না।’
মোহাম্মদপুরের দুটি, নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার, হাতিরপুল বাজার ও কারওয়ান বাজার কিচেন মার্কেট ঘুরে দেখা যায়, অন্তত ৪৫টি দোকানের সব কটিতেই মাংসের মূল্যতালিকা টাঙানো আছে। ক্রেতারাও নির্ধারিত দামে মাংস কিনছেন। মোহাম্মদপুর কৃষি মার্কেট-সংলগ্ন বাজারের এক বিক্রেতা বলেন, ‘রমজানের প্রথম দিনে দু-একজন বিক্রেতা দাম নিয়ে এদিক-ওদিক করলেও মোবাইল কোর্টের অভিযানের পর সব ঠিক হয়ে গেছে।’ টাউন হল বাজারে শফিউল হক নামের এক ক্রেতা জানালেন, তিনি ৪৭৫ টাকা দরে তিন কেজি গরুর মাংস কিনেছেন।
নিউমার্কেট বনলতা কাঁচাবাজার ও হাতিরপুল বাজারের মাংস ব্যবসায়ীদের ভাষ্য, বাজারগুলোতে নির্ধারিত দামেই মাংস পাওয়া যাবে। পাড়া-মহল্লার মাংসের দোকানগুলোতে কিছুটা এদিক-ওদিক হতে পারে।
কারওয়ান বাজার কিচেন মার্কেটে গিয়ে জানা যায়, দুপুরে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে খাসির মাংস বিক্রির কারণে এক বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য ওই দোকানে গেলে সেটি বন্ধ পাওয়া যায়। অন্য দোকানগুলোতে মূল্যতালিকা টাঙানো ছিল। এ সময় মামুনুর রশীদ নামের এক ক্রেতাকে দেড় কেজি খাসির মাংস কিনতে দেখা গেল। কত নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘৭২৫ টাকা কেজি হিসেবে দেড় কেজি খাসির মাংসের দাম ১ হাজার ৮৭ টাকা আসার কথা। আমার কাছ থেকে ১ হাজার টাকা রেখেছে।’
মিরপুরের শামীম সরণি-সংলগ্ন সুপার শপ স্বপ্নের একটি শাখায় দেশি গরুর মাংস নির্ধারিত দামেই বিক্রি করতে দেখা যায়। আরেক সুপার শপ মোহাম্মদপুরের প্রিন্স বাজারে তা ছিল নির্ধারিত মূল্যের থেকে ২০ টাকা কম।
নির্ধারিত মূল্যে মাংস বিক্রির বিষয়টি তদারকির জন্য বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির নিজেরাও তৎপর রয়েছে বলে জানান সমিতির মহাসচিব রবিউল আলম। তিনি বলেন, ‘আমরা আজ (মঙ্গলবার) দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি বাজার পরিদর্শন করেছি। একটা-দুইটা ঘটনা বাদে সবকিছু ঠিকঠাকই চলছে।’
একই কথা বলেন উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাউল ইসলাম। তিনি বলেন, ‘দ্বিতীয় রমজান থেকে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় কাউন্সিলররাও সহযোগিতা করছেন। এরপর অতিরিক্ত দাম রাখার খুব বেশি অভিযোগ আমরা পাইনি।’