পাঁচ বাড়িতে ডাকাতি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বেজপাড়া গ্রামে গত শুক্রবার রাতে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। একই রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়ি জাঙ্গালিয়া এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এলাকাবাসী জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ২৫-৩০ জনের একদল ডাকাত বেজপাড়া গ্রামের সোনা মিয়ার বাড়িতে ঢুকে ৪০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। প্রতিবেশী মাসুদ মোল্লার বাড়িতে ঢুকে চার হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে। এরপর বাদল কুমার মণ্ডল ও বিল্লালের বাড়ি থেকে ৩০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। কালীগঞ্জ থানা থেকে জানা গেছে, উপজেলার দড়ি জাঙ্গালিয়া এলাকার ব্যবসায়ী (ভাড়ায় গাড়ির জোগানদার) রুহুল আমিনের বাড়িতে শুক্রবার গভীর রাতে ৯-১০ জনের একদল ডাকাত হানা দেয়। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতেরা দুই লাখ চার হাজার টাকা, নয় ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।