সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওরফে শিপলু হত্যা মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে বরখাস্ত হওয়া দুই পুলিশ কর্মকর্তাও আছেন।
গতকাল রোববার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয়কুমার দাশ এই আদেশ দেন। ২০০২ সালের ২০ মার্চ তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে ভাটি তাহিরপুর গ্রামের কলেজছাত্র ওয়াহিদুজ্জামান ওরফে শিপলু মারা যান। তিনি স্থানীয় জয়নাল আবেদীন মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন তাহিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ উদ্দিন ও উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জুনাব আলী, উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মেহেদী হাসান, যুবদল নেতা শাহজাহান মিয়া ও শাহীন আহমদ।
মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২০ মার্চ বিকেলে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াহিদুজ্জামানের বাড়িতে হামলা চালায়। এ সময় গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ২৩ মার্চ ওয়াহিদুজ্জামানের মা আমিরুন্নেসা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলা দায়েরের পর আসামি দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এরপর মামলাটির বিচারিক তদন্ত হয় এবং আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।