পাঁচ বিঘা জমির ফসল মিশিয়ে দেওয়া হলো মাটির সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার গোয়ালদি গ্রামে গত বৃহস্পতিবার রাতে পাঁচ বিঘা জমির ফসল মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ওই এলাকার কয়েক শ কৃষক গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল করেছেন।এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে গ্রামবাসীর বিরোধের জের ধরেই কৃষকদের আবাদ বিনষ্ট করা হয়েছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁদের ঘায়েল করতে এই নাটক সাজানো হয়েছে।এলাকাবাসী অভিযোগ করেছেন, কালামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা রাতের আঁধারে পাশের গোয়ালদি গ্রামের কৃষকদের আবাদি জমি থেকে বিভিন্ন ধরনের ফসল চুরি করে নিয়ে যান। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে গোয়ালদি গ্রামের কৃষক আবদুল কুদ্দুস, আবুল হোসেন, সুলতান উদ্দিন, আবদুল মজিদ, হযরত আলী, আবদুর রহিম, নায়েব আলী, মুনসের আলী, জানু শেখ ও সাদন আলীর অন্তত পাঁচ বিঘা জমির কলাগাছ, ভুট্টা ও পটোলের আবাদ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গতকাল সকালে ফসল কাটার বিষয়টি জানতে পেরে এলাকার শত শত কৃষক আশ্রয়ণ প্রকল্পের পাশে জড়ো হতে থাকেন। দুপুর দুইটার দিকে ক্ষতিগ্রস্ত কৃষকসহ এলাকাবাসী ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে ফসল বিনষ্টকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। কৃষক আবদুল কুদ্দুস, আবুল হোসেন ও সুলতান উদ্দিন জানান, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কারণে তাঁদের বড় ধরনের সর্বনাশ হয়ে গেছে। তবে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শান্তি বেগম, খোরশেদ আলম, রেনু বেগম ও মেহের আলী তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্প ও গোয়ালদি গ্রামের বাসিন্দাদের বিরোধ দীর্ঘদিনের। এর জের ধরেই কলাগাছ ও ফসল বিনষ্টের ঘটনা ঘটেছে। তবে কোন পক্ষ এ ঘটনা ঘটিয়েছে, তা স্পষ্ট নয়।