পাঁচ বিঘা জমির সবজি গাছ কর্তন
নাটোরের লালপুর উপজেলার সিরাজিপুর মাঠের কয়েকজন কৃষকের প্রায় পাঁচ বিঘা জমির বিভিন্ন ধরনের সবজি গাছ রোববার রাতে কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা।ডেবরপাড়া গ্রামের কৃষক রেজাউল জানান, তিনি তিন বিঘা জমি ইজারা নিয়ে ৯০ হাজার টাকা খরচ করে আড়াই বিঘা মরিচ ও আধা বিঘা জমিতে বেগুন চাষ করেন। প্রতি সপ্তাহে প্রায় ২০ হাজার টাকার মরিচ ও বেগুন বিক্রি করছিলেন। সব গাছ কেটে ফেলায় তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। কৃষক শফিকুল ইসলাম এক বিঘা জমিতে ৩০ হাজার টাকা খরচ করে মরিচ চাষ করেন। সব গাছ কেটে ফেলায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সানাউল্লাহর সাতটি মেহগনি ও ১০টি আমগাছ এবং আবদুর রশিদের ১০ কাঠা জমির মরিচ ও বেগুন এবং দুটি আমগাছ কেটে ফেলা হয়েছে।সিরাজিপুর মাঠ রক্ষা কমিটির সভাপতি সানাউল্লাহ জানান, শত্রুতাবশত কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তাঁর জমির গাছও বাদ পড়েনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।