পাঁচ বিদ্যালয়ে ২০টি শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পাঁচটি ও সহকারী শিক্ষকের ২৯টি পদের মধ্যে ২০টি দীর্ঘদিন ধরে শূন্য। এতে এসব বিদ্যালয়ে পাঠদান বিঘ্নিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুকবেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটজন শিক্ষকের জায়গায় চারজন করে, সাপমারার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজনের জায়গায় দুজন, সুতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটজনের জায়গায় দুজন ও সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের জায়গায় আছেন দুজন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সাপমারার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করছেন প্রধান শিক্ষক এম মোয়াজ্জেম হোছাইন ও সহকারী শিক্ষক মাহমুদুল হক। ওই সময় শিক্ষকসংকটের কারণে তৃতীয় শ্রেণির পাঠদান বন্ধ ছিল। প্রধান শিক্ষক এম মোয়াজ্জেম হোছাইন বলেন, দুজন শিক্ষক দিয়ে বিদ্যালয় চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
সরইতলা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আতাউল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট থাকায় বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হলেও যেন দেখার কেউ নেই। তিনি বলেন, এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাঁরা তদবির করে অন্যত্র বদলি হয়ে যান।
সুতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম বলেন, আটজন শিক্ষকের জায়গায় আছেন মাত্র দুজন। এ কারণে কোনো রকমে বিদ্যালয়ের পাঠদান চালানো হচ্ছে।
মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্থানীয় লোকজনকে প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু তার জায়গায় বাইরের লোকজন শূন্যপদে নিয়োগ পাচ্ছেন। এ কারণে তাঁরা দু-এক বছর যেতে না যেতেই তদবির করে অন্যত্র বদলি হয়ে যান। এ কারণে এসব বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য হয়ে পড়ে। তিনি জানান, শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখা হয়েছে।