ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল রোববার এ ঘোষণা দেওয়া হয়। বহিষ্কার হওয়া প্রার্থীরা হলেন ভাইকান্দি ইউপির চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম, ফুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপির চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার, একই ইউনিয়নের প্রার্থী আওয়ামী লীগ সমর্থক রাসেল ফকির, রুপসী ইউপির চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম ও একই ইউপির চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থক আমির উদ্দিন সরকার। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার বলেন, বহিষ্কারের সিদ্ধান্ত লিখিতভাবে জেলা ও কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে।