পাঁচ বিদ্রোহী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু, নড়াইল ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর পৌরসভার মেয়র পদে বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় ৫ প্রার্থীকে নিজ নিজ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন আওয়ামী লীগের ও একজন বিএনপির প্রার্থী। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ: বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্র জানায়, আসন্ন পৌর নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজকে মেয়র পদে আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হয়। কিন্তু কাহালু পৌর আওয়ামী লীগ এ পদে সমর্থন দেয় হেলালউদ্দিনের ছোট ভাই কামালউদ্দিনকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কামালউদ্দিন নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার প্রসঙ্গে কামালউদ্দিন বলেন, ‘দলীয় সভা আহ্বানের চিঠিতে এ-সংক্রান্ত কোনো কিছু লেখা ছিল না। এই বহিষ্কার আমি মানি না।’নড়াইলে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক কুমার কুণ্ডুকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের শিকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।দলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী মণ্ডলকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়। তার পরও অশোক কুমার মনোনয়নপত্র জমা দেন। শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করায় গত মঙ্গলবার দলের এক সভায় তাঁকে বহিষ্কার করা হয়। আবদুল কাদের সিকদার জানান, পৌর কমিটির অভিযোগ পেয়ে জেলা কমিটি এ সিদ্ধান্ত নেয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। অশোক কুমার কুণ্ডু জানান, তিনি হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির প্রার্থী হিসেবে নয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগরে আওয়ামী লীগের স্থানীয় তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি সভা শেষে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, আলমডাঙ্গা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির, একই উপজেলার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমেনা বেগম ও জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. আবদুল লতিফ।