পাঁচ বিভাগে কোনো শিক্ষকই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের মকবুলার রহমান (এমআর) সরকারি কলেজে শিক্ষকসংকট প্রকট। কলেজের পাঁচটি বিভাগে কোনো শিক্ষক নেই। আর কলেজটি জাতীয়করণের ৩০ বছরেও পর্যাপ্ত শিক্ষক না থাকায় সম্মানের আরও বিষয়সহ স্নাতকোত্তর কোর্স চালু করা যাচ্ছে না। কলেজ সূত্র জানায়, কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষকের পদ ৩৯টি। এর মধ্যে ১৫টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, সমাজবিজ্ঞান, শরীরচর্চা ও কম্পিউটার বিভাগে কোনো শিক্ষক নেই। সূত্র জানায়, কলেজে ছয়টি বিষয়ে সম্মান (অনার্স) কোর্স চালু করা হলেও প্রয়োজনের চেয়ে কমসংখ্যক শিক্ষক দিয়ে পাঠদান চলছে। ১৯৬৫ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। ছয় বিষয়ে সম্মান শ্রেণীতে পড়ছেন প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, ইতিহাস, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স চালু করা হয়। গত শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান কোর্স চালু হয়েছে। শিক্ষকের পর্যাপ্ত পদ না থাকায় আবেদন করার পরও ইসলামের ইতিহাস, দর্শন, অর্থনীতি, গণিত, প্রাণিবিদ্যা ও পদার্থবিজ্ঞান বিষয়ে সম্মান কোর্স চালুর অনুমোদন দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলা, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও রসায়ন বিভাগে একজন করে, ব্যবস্থাপনা বিভাগে দুজন এবং হিসাববিজ্ঞান বিভাগে তিনজন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। প্রদর্শকের দুটি পদও দীর্ঘদিন ধরে শূন্য। এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী, সম্মানের প্রতি বিষয়ে সাতজন করে মোট ৪২ জন শিক্ষক থাকার কথা থাকলেও কলেজে ছয়টি বিষয়ে সম্মান শ্রেণীতে শিক্ষক আছেন ১৩ জন। বাংলা বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র জুয়েল জানান, কলেজে শিক্ষকসংকটই প্রধান সমস্যা। তা ছাড়া শিক্ষকের নতুন পদ সৃষ্টি না হওয়ায় কয়েকটি বিষয়ে সম্মান কোর্স চালু করা যাচ্ছে না। ব্যবস্থাপনা বিভাগের (সম্মান) প্রথম বর্ষের ছাত্র এস এম মুনিম বলেন, ‘মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে আমাদের বিভাগ। খণ্ডকালীন শিক্ষক দিয়েও সব ক্লাস হচ্ছে না।’ একই কথা জানান ইতিহাস বিভাগের (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্রী সামসুন নাহার ও খাদিজা পারভীন। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ধীরাজ সরকার ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক হুমায়ুন কবীর জানান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ে সম্মান কোর্স থাকলেও শিক্ষক একজন। শিক্ষকসংকটের কথা স্বীকার করে উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান বলেন, দীর্ঘদিনেও এই কলেজে নতুন করে শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ায় শিক্ষকসংকট বেড়েছে। খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস চালানোর ব্যবস্থা করা হয়েছে।