বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে টানা ৪৮ (৬ ও ৭ জুলাই) ঘণ্টা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত কোনো পরীক্ষা স্থগিত করেনি কর্তৃপক্ষ। তবে সহিংসতার আশঙ্কায় শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত না হওয়ায় গতকাল বুধবার বেশ কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।আজ বৃহস্পতিবার হরতালের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।তবে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, হরতালের মধ্যে পরীক্ষা দিতে আসা খুবই ঝুঁকিপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থাও বন্ধ। দূরের শিক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে আসা তাই কষ্টকর। হরতালের ঝক্কি পেরিয়ে হলে পৌঁছে পরীক্ষা দেওয়ার শক্তি আর থাকে না।জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের সকাল ও বিকেলের পালায় (শিফট) কলা ভবন ও কার্জন হলে ১০টি বিভাগের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে কার্জন হলের (বিজ্ঞান অনুষদের) চারটিসহ মোট পাঁচটি বিভাগের পরীক্ষা হয়নি।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা উপস্থিত না হওয়ায় পাঁচটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা যায়, সকালে কলা ভবনে নৃবিজ্ঞান চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার, ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টার, ফারসি সাহিত্যের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। বিকেলে ছিল বাংলা ও ইতিহাস বিভাগের পরীক্ষা। এর মধ্যে নৃবিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থী না আসায় পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। কার্জন হলে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ, রসায়ন চতুর্থ বর্ষ, খাদ্য ও পুষ্টি বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা উপস্থিত না হওয়ায় কোনো পরীক্ষাই অনুষ্ঠিত হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের সেশন জটের কথা বিবেচনা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হরতালে পরীক্ষা বাতিলের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। স্থগিত করা পরীক্ষাগুলোর সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।