পাঁচ বিলে জোয়ারের পানি, ৮০০ বিঘা জমির ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে তলিয়ে আছে কেটে রাখা বোরো ধান। যশোরের অভয়নগর উপজেলার নাউলীর বিল থেকে গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
পানিতে তলিয়ে আছে কেটে রাখা বোরো ধান। যশোরের অভয়নগর উপজেলার নাউলীর বিল থেকে গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নের পাঁচটি বিলে জোয়ারের লোনা পানি ঢুকে পড়েছে। রামনগর স্লুইসগেটের (জলকপাট) একটি কপাট দিয়ে জোয়ারের লোনা পানি বিলে প্রবেশ করেছে। এতে প্রায় ৮০০ বিঘা জমির বোরো ধানখেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার সিদ্ধিপাশা এলাকায় ভৈরব নদ থেকে মুজুতখালী খাল বেরিয়েছে। কিছু দূর এগিয়ে রামনগর এলাকায় মুজুতখালী খাল থেকে রামনগর খাল বেরিয়ে সোজা পশ্চিম দিকে গিয়ে সিদ্ধিপাশা পুবের বিলে মিশেছে। বিলের ওপরের অংশে জয়রাবাদ গ্রাম। এই গ্রামে রামনগর খালের ওপর তিন কপাটবিশিষ্ট একটি জলকপাট রয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই জলকপাট দিয়ে সিদ্ধিপাশা পুবের বিল, নাউলীর বিল, গোপীনাথপুরের বিল, ইছামতীর বিল এবং লেবুগাতীর বিলের পানি নিষ্কাশিত হয়। গত শনিবার একটানা বৃষ্টির কারণে এবং জোয়ারের পানির চাপে হঠাৎ করে জলকপাটটির একটি কপাট ভেঙে যায়। এতে জোয়ারের লোনা পানি বিলগুলোতে ঢুকে পড়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, অনেক খেতে কেটে রাখা ধান পানিতে ভাসছে। এগুলো খেতে শুকাতে দিয়েছিলেন কৃষকেরা। অনেক খেতের ধানের ডুবি-ডুবি অবস্থা। পানি জমে যাওয়ায় এসব পাকা ধানও কাটতে পারছেন না কৃষকেরা।
নলামারা গ্রামের কৃষক চান বিশ্বাস বলেন, ‘দুই বিঘা জমিতে আমার বোরো ধান আছে। ধান কেটে খেতে শুকাতে দিয়েছিলাম। কিন্তু বৃষ্টি ও জোয়ারের লোনা জলে কাটা ধান ভাসছে। বৃষ্টি না থাকায় ধান এখন ডাঙায় ওঠাচ্ছি। কিন্তু প্রচুর ধান ঝরে যাচ্ছে।’
রামনগর গ্রামের গোপাল বিশ্বাস বলেন, ‘বিলে আমার এক বিঘা জমিতে ধান আছে। আমি এখনো ধান কাটিনি। এরই মধ্যে খেতে হাঁটুর ওপরে জল উঠেছে। ধান এবার বাড়ি আসবে কি না জানিনে।’
কৃষকেরা বলছেন, বোরো ধান কেটেই তাঁরা খেতে আউশ ধান বপন করেন। কিন্তু স্লুইসগেটের ভাঙা কপাট দিয়ে লোনা পানি বিলে ঢোকায় তাঁরা আউশের আবাদ নিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন।
নাউলী গ্রামের কৃষক হৈজুম শেখ বলেন, ‘আমার ছয় বিঘা জমির ধান তলিয়ে গেছে। যতটা সম্ভব ধান বাঁচানোর চেষ্টা করছি। এরপর এবার আউশ বোনা যাবে কি না সন্দেহ আছে।’
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় বলছে, জোয়ারের লোনা পানি এবং বৃষ্টির পানিতে গোপীনাথপুর, ইছামতী ও লেবুগাতীর বিলে ৩০০ বিঘা, নাউলীর বিলে ৩০০ বিঘা এবং সিদ্ধিপাশা পুবের বিলে ২০০ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, ‘আজ (গত বুধবার) আমি সরেজমিন বিলগুলোতে গিয়েছি। এ সময় কৃষকদের সঙ্গে বলেছি। কাটা ধানগুলোতে সমস্যা হয়েছে। অনেক কৃষক পানিতে ভাসমান ধান ডাঙায় তুলে রোদে শুকাচ্ছেন। লোনা পানির কারণে আউশ বপন নিয়ে কৃষকেরা তাঁদের আশঙ্কার কথা জানিয়েছেন। স্লুইসগেটটি অনেক দিন ধরে জরাজীর্ণ হয়ে আছে। সেটি দ্রুত মেরামত করে দেওয়ার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বলেছি।’
যশোর পাউবোর উপসহকারী প্রকৌশলী তরুণ হোসাইন বলেন, ‘বেশি বৃষ্টিপাত হওয়ায় জোয়ারের পানির চাপে একটি কপাট হুক থেকে সরে গেছে। ওই কপাট দিয়ে বিলে জোয়ারের লোনা পানি ঢুকেছে। আমরা সরেজমিনে গিয়ে দেখেছি। বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আগামী দুই-তিন দিনের মধ্যে নতুন কপাট লাগিয়ে দেব।’