জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি প্রদান ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের প্রেসক্লাবের সামনে শিক্ষকেরা এবং দুপুরে ক্যাম্পাসে পৃথক মানববন্ধন করেন শিক্ষার্থীরা। দুটি কর্মসূচি থেকেই জঙ্গিদের আশ্রয়দাতা ও মদদদাতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশবিরোধী চক্র জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার হীন চেষ্টা চালাচ্ছে। দেশের শিক্ষকসমাজ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই হবে না।
মানববন্ধন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষকেরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব, সাধারণ সম্পাদক অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক খালেদ মিসবাহুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে ডিসঅ্যাবল্ড স্টুডেন্টস সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটির উদ্যোগে মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে তরুণসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যারা ধর্মের নামে মানুষ হত্যা করে, তারা দেশ ও মানবতার শত্রু। মানুষ হত্যা করে ইসলাম ধর্মকে কলুষিত করতে চাইছে জঙ্গিরা। এদের আশ্রয়দাতা ও মদদদাতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা বলেন, দেশবিরোধী চক্র পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়েছে। তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। বক্তব্য দেন সংগঠনটির সভাপতি সোলেমান বাদশা, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ।
সাতকানিয়ায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন: সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সড়কে এ কর্মসূচি পালিত হয়।
জমিয়তুল মোদার্রেসীনের সাতকানিয়া শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার।