পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনসহ পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের তিনটি সংগঠন। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
এই তিনটি সংগঠন হলো বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন। সকাল সাড়ে আটটা থেকে একই স্থানে পরপর তিনটি সংগঠন পৃথকভাবে কর্মসূচি পালন করে।
এসব মানববন্ধনে বক্তারা বলেন, দেশবিরোধী চক্রান্তকারীরা বাংলাদেশের উন্নয়নের গতিকে থামিয়ে দিতে চাইছে। এর জন্য তারা দেশের বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা বুনছে। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী ব্যক্তিদের প্রতিহত করতে হবে। বক্তারা উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অফিসার সমিতির মানববন্ধনে ও সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক, কর্মচারী সমিতির প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুক, কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি জোস মোহাম্মদ।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী, অফিসার সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হায়দার, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসেন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।