পাঁচ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও দ্বিতীয় বর্ষে উন্নীত হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী ছয়টির মধ্যে সর্বোচ্চ পাঁচটি কোর্সে ৪০ নম্বরের কম পেয়েছেন অর্থাৎ ‘এফ’ (ফেল) গ্রেড পেয়েছেন, তাঁদের দ্বিতীয় বর্ষে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ প্রথম আলোকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সার্বিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষার নিয়মানুযায়ী এসব শিক্ষার্থীকে পরবর্তী সময়ে এফ গ্রেড পাওয়া কোর্সগুলোতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আশা করব, এর ফলে শিক্ষার্থীরা এখন পড়ালেখায় মনোনিবেশ করবে।’হারুন-অর-রশিদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেড পদ্ধতিতে বিদ্যমান বিধিবিধান আরও কীভাবে সহজ করা যায়, তা নিয়ে আজ মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে।গ্রেড পদ্ধতিতে ১৭ জুলাই প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় ৪৬ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছে। পাস করে মাত্র ৫৪ শতাংশ। এ জন্য ফেল করা শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়ার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজে বিক্ষোভ ও অবরোধ করেন। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিল। গতবারও প্রথমবারের মতো গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশিত হওয়ায় এক বিষয়ে পাস করা শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের সূত্রমতে, গ্রেড পদ্ধতিতে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ওঠার জন্য শিক্ষার্থীদের জিপিএ কমপক্ষে ১ দশমিক ৭৫ পেতে হয়। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উঠতে লাগবে জিপিএ কমপক্ষে ২ এবং তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে ওঠার জন্য পেতে হবে কমপক্ষে ২ দশমিক ২৫।এদিকে উল্লিখিত গ্রেড পয়েন্ট বাতিলসহ কয়েক দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল পদ্ধতির ভুক্তভোগী শিক্ষার্থীবৃন্দ’। গতকাল বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন মিজানুর রহমান নামে এক শিক্ষার্থী।