
একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য পাঁচজন বীর নারীকে সম্মাননা দিয়েছে সামাজিক নারী সংগঠন চেষ্টা ও প্রথম আলো বন্ধুসভা। গতকাল কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে চেষ্টার উদ্যোগে ও প্রথম আলোর সহযোগিতায় তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। এঁরা হচ্ছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হাজেরা খাতুন, রহিমা খাতুন, মোছাম্মদ পয়রবি নেছা, মোছাম্মদ রমেছা খাতুন ও সদর উপজেলার রেজিয়া আক্তার।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বীরাঙ্গনাদের পক্ষে রেজিয়া আক্তার বলেন, ‘আমাগোর চাওয়ার কিছু নাই। তয় এইডা চাই, রেজাকাররা যেন কোনো দিন এই দ্যাশে মাথা উঁচু কইরা দাঁড়াইতে না পারে।’
তবে স্বাধীনতার ৪৪ বছরেও বীরাঙ্গনাদের প্রতি সমাজের মানুষের বিরূপ মনোভাবে মর্মাহত তিনি। তাই ক্ষোভের সঙ্গে বলেন, ‘ক্যান আইজকাও আমরা সমাজে মাথা উঁচু কইরা চলতে পারি না? আমার পোলারা ক্যান আমারে কয়, তুমি বীরাঙ্গনা পরিচয় ক্যান দিতে গেলা?’ মুক্তিযুদ্ধে হাজার হাজার নির্যাতিতা নারীর অবদানের প্রতি শ্রদ্ধা রেখে এ ধরনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
নারী সংগঠন চেষ্টার সভাপতি সেলিনা বেগম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে এসব বীর নারীদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা তাঁদের সেই প্রাপ্য সম্মানটুকু এখনো দিতে পারিনি। এই প্রচেষ্টার অংশ হিসেবে ‘চেষ্টা’ এখন পর্যন্ত সারা দেশের ৫০ জনের বেশি বীরাঙ্গনাকে সম্মাননা ও অনুদান দিয়েছে। এই পাঁচ বীর নারীকে খুঁজে এনে সম্মাননা প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজকে ধন্যবাদ জানান।
চেষ্টার পক্ষ থেকে এই পাঁচজনের প্রত্যেককে ২০ হাজার টাকা ও একটি করে শাড়ি উপহার দেওয়া হয়।
বাঙালির মুক্তিসংগ্রামে এসব বীর নারীর কাছে আমাদের যে ঋণ তা কখনো শোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এই পাঁচ বীর নারীকে সম্মাননা প্রদানের জন্য এবং এ কাজে প্রথম আলোকে পাশে রাখায় তিনি চেষ্টার উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন চেষ্টার সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন, কোষাধ্যক্ষ মমতা হারুন, আইনবিষয়ক সম্পাদক পাপড়ি রহমান এবং প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।