বিদেশি নামীদামি কোম্পানির নকল প্রসাধনী বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার পুরান ঢাকার মৌলভীবাজারের পাঁচ ব্যবসায়ীকে আট লাখ টাকা জরিমানা করেছেন। আজ বেলা পৌনে একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার মৌলভীবাজারে তাজমহল টাওয়ার নামক একটি মার্কেটে অভিযান চালান। আদালত ওই মার্কেটের ফাতেমা ট্রেডিং, তাজুমা এন্টারপ্রাইজ, মেসার্স রনি এন্টারপ্রাইজ, মেসার্স আমিন ট্রেডিং ও সিয়াম করপোরেশন নামক পাঁচটি প্রসাধনীর দোকানে অভিযান চালান। ওই সব প্রতিষ্ঠান থেকে ভারতীয় নকল ফেয়ার অ্যান্ড লাভলী, সেনসোডাইন টুথপেস্ট, পন্ডস ক্রিম, ওলে ক্রিমসহ নানা প্রসাধনী দেখেন। ব্যবসায়ীদের দাবি, এসব পণ্য চায়না থেকে আমদানি করা। তাঁরা আমদানিকারকদের কাছ থেকে কিনে বিক্রি করছেন। তবে কার কাছ থেকে কেনা হয়েছে সে সংক্রান্ত কোনো ক্রয় রসিদ তাঁরা দেখাতে ব্যর্থ হন। নকল প্রসাধনী বিক্রির দায়ে আদালত মেসার্স তাজুমা এন্টারপ্রাইজ, ফাতেমা ট্রেডিং ও মেসার্স আমিন ট্রেডিংকে দুই লাখ টাকা করে এবং মেসার্স রনি এন্টারপ্রাইজ ও সিয়াম করপোরেশনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। ফাতেমা ট্রেডিংয়ের ব্যবসায়ী জানান, চায়না থেকে যাঁরা এসব পণ্য আমদানি করছেন, তাঁদের কাছ থেকে কিনে তাঁরা বিক্রি করে থাকেন। রসিদ না পাওয়ার ব্যাপারে বলেন, ‘আমরা সাদা কাগজের মাধ্যমে এসব পণ্য কিনে থাকি।’ গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে মৌলভীবাজারের তাজমহল টাওয়ারের ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে ফেলেন। অনেক ব্যবসায়ীকে কিছুটা উত্তেজিত দেখা যায়। এ সময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারাও হাজির হন। তবে নকল প্রসাধনী ও বিক্রয় রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় কর্মকর্তারা পিছু হটেন। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, ‘আমরা নকল ও ভেজালের বিরুদ্ধে।’ তবে অভিযানে কোনো বৈধ ব্যবসায়ী যাতে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে দৃষ্টি রাখতে বিএসটিআইয়ের কর্মকর্তাদের তিনি অনুরোধ করেন। বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, এসব প্রসাধনী বিদেশি নামীদামি কোম্পানির। কিন্তু কোন কোম্পানি আমদানি করেছে তা সেখানে পাওয়া যায়নি। এসব প্রসাধনীর অধিকাংশই বিদেশি কোম্পানির প্যাকেটে দেশে প্যাকেটজাত করা হয়েছে। এতে বিএসটিআইয়ের কোনো অনুমোদনও নেই। নিম্নমানের এসব প্রসাধনী ব্যবহারে লোকজন নানা ত্বকের রোগে আক্রান্ত হতে পারে। আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন সাংবাদিকদের বলেন, নামীদামি কোম্পানির নকল প্রসাধনী বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেখান থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যমানের প্রসাধনী জব্দ করা হয়। গতকাল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন বিএসটিআই, র্যাব-২, চকবাজার থানার পুলিশ ও মহানগর দাঙ্গাপুলিশের একটি দল।