সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র প্রার্থী পাঁচজনই ব্যবসায়ী। এঁদের মধ্যে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ১৪টি মামলা আছে। প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
মেয়র পদে হালিমুল হক মিরু আওয়ামী লীগের দলীয় প্রার্থী। তিনি সাবেক পৌর মেয়রও। হলফনামার তথ্যানুযায়ী, তিনি শিক্ষাগত যোগ্যতায় স্নাতকোত্তর পাস। তাঁর বিরুদ্ধে অতীতে চারটি মামলা থাকলেও সব মামলায় বর্তমানে খালাসে আছেন। তিনি পেশায় একজন মৎস্য খামারি। সেখান থেকে বার্ষিক আয় ২ লাখ ৪০ হাজার এবং প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় ২ লাখ ৭৭ হাজার টাকা।
হালিমুল হক বলেন, ‘বিগত সময়ে পৌর মেয়র থাকা অবস্থায় অনেক উন্নয়ন করেছি। এ কারণে জনগণ এবার আমাকেই নির্বাচিত করবে। এখানে দলের বিষয়টি মুখ্য ভূমিকা পালন করবে।’
বিএনপির দলীয় প্রার্থী নজরুল ইসলাম উপজেলা বিএনপির সহসভাপতি এবং বর্তমান মেয়র পদে আছেন। পেশায় তিনি একজন গাড়ি ব্যবসায়ী। অষ্টম শ্রেণি পাস করেছেন। তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা চলমান রয়েছে। নিজ নামে ছয় শতক জমির ওপর তিনতলা বাড়ি আর চারটি ট্রাক রয়েছে। নিজের কাছে নগদ টাকা ২৫ হাজার এবং ব্যাংকে ৪ লাখ ৯ হাজার টাকা আছে। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া স্ত্রীর নামে ১০ ভরি সোনাসহ সোনার চেন ও আংটি আছে।
নজরুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। সব মামলায় তিনি জামিনে আছেন বলে জানান। তাঁর মতে, দলীয়সহ জনগণের সমর্থনে তিনিই বিজয়ী হবেন।
‘বিদ্রোহী প্রার্থী’ পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিমের ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ২ লাখ ৬০ হাজার টাকা। নিজ নামে চার শতক জায়গার ওপর একতলা বাড়ি। স্ত্রীর নামে ৬২ শতাংশ জমি ইজারা নেওয়া আছে। তিনি একটি চা-বাগান ও রাবার বাগানের মালিক। তাঁর কাছে নগদ টাকা ২০ হাজার আর ব্যাংকে ২ লাখ ৯৫ হাজার টাকা আছে। অতীতে তাঁর বিরুদ্ধে দুটি মামলা থাকলেও তিনি খালাস পেয়েছেন। তিনি স্নাতক পাস।
বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী নূরুল হক শিক্ষাগত যোগ্যতায় নিজেকে ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন। পেশায় কাপড় ব্যবসায়ী এই প্রার্থীর বাড়িসহ নয় শতাংশ জায়গা আছে। ব্যবসার মূলধন দুই লাখ টাকা আর ব্যবসা থেকে বার্ষিক আয় এক লাখ টাকা।
জাতীয় পার্টির রফিকুল ইসলামের ব্যবসার মূলধন ৪ লাখ ৫০ হাজার টাকা। তাঁর বার্ষিক আয় ২ লাখ ২০ হাজার টাকা। তিনি ১ লাখ টাকার ইলেকট্রনিক মালামাল ও ১ লাখ টাকার আসবাবের মালিক। তাঁর স্ত্রীর নামে স্বর্ণ রয়েছে সাত ভরি। তিনি এসএসসি পাস।