পাঁচ ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট-খুলনা সড়কে পাঁচ গরু ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীরা হলেন মো. জয়নাল, ইউনুস আলী, বাবুল হাওলাদার, জামাল উদ্দিন ও জালাল উদ্দিন। তাঁরা ডুমুরিয়ার খর্ণিয়া হাটে গরু কিনতে যাচ্ছিলেন।
ব্যবসায়ীদের বরাত দিয়ে ফকিরহাট থানার এসআই মতলেবুর রহমান বলেন, গতকাল সকালে ওই পাঁচ গরু ব্যবসায়ী খুলনায় গরু কেনার উদ্দেশ্যে পিরোজপুরের চরখালী ফেরিঘাটে আসেন। এ সময় ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের চালক তাঁদের বলেন, এটি খুলনায় যাবে। তখন তাঁরা জনপ্রতি ১২০ টাকা ভাড়ায় ওই মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাসটি চরখালী ফেরি পার হওয়ার পর এপারে দাঁড়িয়ে থাকা তিন যুবক এর গতি রোধ করে বলেন, তাঁরা খুলনায় নৌবাহিনীতে চাকরি করেন। দ্রুত খুলনায় পৌঁছাতে না পারলে তাঁদের চাকরিতে সমস্যা হবে। পরে চালক তাঁদের গাড়িতে তোলেন। মাইক্রোবাসটি বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট বেইলি সেতুর কাছে পৌঁছানোর পর চলন্ত অবস্থায় ওই তিন যুবক ব্যবসায়ীদের মারধর করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেন।