পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা
জালিয়াতি ও প্রতারণার অভিযোগে পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এক ব্যবসায়ীর করা মামলায় গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
আসামিরা হলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক আকতার কামাল, ব্যবস্থাপক (অপারেশন) নাহিদ হোসেন, বিনিয়োগ শাখার প্রধান ইমতিয়াজ আলম, ব্যাংক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ ও আক্তার হোসেন।
গত বছরের ১৯ অক্টোবর চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার স্যানিটারি ব্যবসায়ী মীর মঈনুল হাসান চৌধুরী ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
বাদীর আইনজীবী আবছার উর রশীদ বলেন, ২০১১ সালে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের দুটি জায়গা বন্ধক দিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৩৫ লাখ টাকা ঋণ নেন ব্যবসায়ী মীর মঈনুল। পরে বাদীর বিরুদ্ধে আদালতে চেক প্রত্যাখ্যানের অভিযোগে একটি এবং অর্থঋণ আদালতে আরেকটি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক কবির হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গ্রাহকের সঙ্গে জালিয়াতি ও প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।