পাঁচ ব্যাংকারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে দুদক
কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিকেলে মামলা করে রাতেই পাঁচ ব্যাংকারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত রোববার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে কমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কমার্স ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ভাইস প্রেসিডেন্ট পানু রঞ্জন দাস, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইফতেখার হোসেন, বংশাল শাখার সাবেক ব্যবস্থাপক মো. হাবিবুল গনি ও এক্সিকিউটিভ অফিসার আসজাদুর রহমান।
এর আগে রোববার বিকেলে নয়জনকে আসামি করে বংশাল থানায় মামলা করে দুদক। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন কমার্স ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, বৈদেশিক বাণিজ্য শাখার কর্মকর্তা শিরিন নিজামী, সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার দেবাশীষ কুমার এবং মেসার্স উদয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নীলফামারী-৪ আসনের সাংসদ শওকত চৌধুরী।
এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় গতকাল যশোর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক সুপার মো. মকবুল হোসেন ও তাঁর স্ত্রী সালেহা বেগমকে গ্রেপ্তার করেছে দুদক।