পাঁচ ভাইয়ের বিরুদ্ধে মামলা দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে চা-বাগান থেকে জমির আলী (৫২) নামের একজন ভূমি ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় একই পরিবারের পাঁচ ভাইকে আসামি করে হত্যা মামলা হয়েছে। গত সোমবার সকালে জমিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সিলেট মহানগরের শাহপরান থানায় জমিরের বড় ভাই মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলা করলে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, জমির আলীর বাড়ি সিলেট শহরতলির মেজরটিলার চামেলীবাগ এলাকায়। পেশায় তিনি জমি বিক্রেতা ছিলেন। জমি বিক্রেতাদের তিনি ক্রেতা সংগ্রহ করে দিতেন। চামেলীবাগের পাশের মোহামঞ্চদপুরের বাসিন্দা আহবাব হোসেন চৌধুরীর সঙ্গে জমি ক্রয়-বিক্রয়সংক্রান্ত বিরোধের জের ধরে জমির আলীকে খুন করা হয়। পুলিশ লাশ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে এ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর হত্যা মামলা করা হয়। মামলায় মোহামঞ্চদপুরের ‘বালিঙা কটেজ’ নামের বাড়ির মালিক আহবাব হোসেন চৌধুরী (৬২), তাঁর ভাই আনোয়ার হোসেন চৌধুরী (৬০), মোস্তাক হোসেন চৌধুরী (৫০), আশরাফ চৌধুরী ওরফে লাবু (৪২) ও তানভির আহমেদ চৌধুরীকে (৩২) আসামি করা হয়েছে। পুলিশ মোস্তাক ও আশরাফ ওরফে লাবুকে গ্রেপ্তার করেছে। শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) শিবেন্দ্র চন্দ্র দাশ জানান, জমি কেনাবেচায় আহবাব হোসেন চৌধুরীর সঙ্গে জমির আলীর বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।