পাঁচ ভাগের কাছে কেন আপনারা ছিন্নবিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, ‘আওয়ামী লীগের ভোট ৪০ ভাগের মতো। অন্যদিকে বিগত নির্বাচনগুলো দেখলে দেখা যাবে, জামায়াত-শিবিরের ভোট পাঁচ ভাগের বেশি নয়। অথচ এই পাঁচ ভাগের আক্রমণে আপনারা কেন ছিন্নবিচ্ছিন্ন? তাদের অস্ত্র, অর্থ ও ঐক্যের আঘাতে কেন আমরা বিপর্যস্ত, আহত? তাদের চ্যালেঞ্জ করার কি কোনো শক্তি নেই?’গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় ইব্রাহিম খালেদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সবার কথা শুনতেন। কিন্তু বর্তমানে যে নেতৃত্ব রয়েছে, তারা সেই প্রক্রিয়া অব্যাহত রেখেছে কি না, এ নিয়ে আমার সন্দেহ আছে। আমরা মুখে বড় বড় কথা বলি, কিন্তু কাজের ক্ষেত্রে মার খেয়ে চলে আসি।’বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর সভাপতি মাহবুবউদ্দিন আহমদ।