পাঁচ মণ কাঁচা মরিচে এক কেজি গরুর মাংস!
রংপুরের বদরগঞ্জ হাটে গতকাল বৃহস্পতিবার পাঁচ মণ কাঁচা মরিচের দামে মিলেছে এক কেজি গরুর মাংস। তবে বিকেলে মাংসের দাম বেড়ে যাওয়ায় পাঁচ মণ মরিচের দামেও এক কেজি গরুর মাংস মেলেনি।
বদরগঞ্জ হাটে গতকাল সকালে প্রতি মণ (৪০ কেজি) কাঁচা মরিচ পাইকারি বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকায়। আর সকালে গরুর মাংস প্রতি কেজি বিক্রি হয়েছে ৪২০ ও বিকেলে ৪৩০ টাকায়।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল থেকে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে পাইকারি বাজারে কাঁচা মরিচের ব্যাপক আমদানি হয়। চাষিরা অপেক্ষায় থাকেন ক্রেতাদের। কিন্তু ক্রেতা তেমন ছিলেন না। এ কারণে বিক্রি করতে এসে ক্রেতা না পেয়ে অনেক চাষি মরিচ বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন। আবার কেউ কম দামে মরিচ বিক্রি করে মজুরি খরচ ওঠাতে না পেরে কেঁদেই বাড়িতে ফিরেছেন।
শংকরপুর গ্রামের মরিচচাষি মোস্তাফিজার রহমান (৪৫) বলেন, ‘ধান আবাদ করে তিন বছর ধরে উৎপাদন খরচ ওঠেনি। এবার তাই ১৫ কাঠায় মরিচ লাগিয়েছি। এতে খরচ হয়েছে ১০ হাজার টাকা। আজ (গতকাল) এক মণ কাঁচা মরিচ তুলে হাটে বিক্রি করতে এসে দেখি হাটিতে মরিচ আর মরিচ। কেনার লোক নেই। পরে কোনো রকমে এক মণ মরিচ ৮০ টাকায় বিক্রি করেছি। এতে লেবার খরচও ওঠেনি।’ ওই গ্রামের মরিচচাষি মোফাজ্জল হোসেন (৪০) তিন মণ কাঁচা মরিচ নিয়ে ওই হাটে ওই দিন বিক্রি করতে আসেন। সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ক্রেতা না পেয়ে তিনি তা বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। মরিচের বস্তা রিকশাভ্যানে তোলার সময় তিনি কাঁদতে থাকেন। বলেন, ‘মরিচ হাটোত আনতে ৫০ টাকা ফির বাড়িত ঘুরি নিয়া যাইতে আরও দিবার নাগবে ৫০ টাকা ভড়া (ভাড়া)। ঘুরি নিয়া যায়ায় বা লাভ কী? কাঁচামাল পচি যাইবে। এই যন্ত্রণার চাইতে মোর মরণ হয় না ক্যান?’
আমরুলবাড়ি গ্রামের মরিচচাষি মনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এক কেজি গরুর গোস্তোর দাম ৪২০-৪৩০ টাকা। পাঁচ মণ মরিচ বেচেয়া এক কেজি গরুর গোস্তোর দামও হয় না। ধানের দামও নাই। এই দ্যাশোত কোনো কৃষক আর বাঁচি থাকবার পাবার নেয়।’
মধুপুরের মরিচচাষি ইয়াছিন আলী (৫০) বলেন, ‘রোজা আছি। মাছ গোস্ত খাই না অনেক দিন। ভাবছেনো দুই মণ মরিচ বেচেয়া আইজ হাফ কেজি গরুর গোস্ত কিনমো। মরিচ বেচাইনো ১৬০ টাকায়। ভ্যানোত আনা খরচ ৪০ টাকা। দুই মণ মরিচের খাজনা নেছে ৪০ টাকা। এ্যালা কন তো কী করি? হামার বুজিক গোস্ত মোকোত চইড়বার নেয়।’
গতকাল বদরগঞ্জ হাটে ক্রেতা না পেয়ে মরিচ বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন শংকরপুরের চাষি হাফিজার রহমান, মজিবর রহমান, কাঁচাবাড়ি গ্রামের ইউনুছ আলী, আমরুলবাড়ি গ্রামের আবুল হোসেন, গোপালপুরের শওকত আলীসহ অনেকে।
নীলফামারীর কিশোরগঞ্জ থেকে বদরগঞ্জ হাটে মরিচ কিনতে আসা ব্যবসায়ী নুরু মিয়া (৪৮) বলেন, ‘এই কাঁচা মরিচ চলে যাবে ঢাকায়। কিন্তু সেখানেও ৪-৫ টাকা কেজি। গাড়ি ভাড়াসহ সব খরচ হিসাব করলে প্রতি মণ মরিচচাষিদের কাছ থেকে ৮০ টাকা দামে কিনেও লাভ নেই।’
মরিচের আরেক ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, ‘কাঁচা মরিচ কিনে কোনো লাভ হচ্ছে না। আমদানি অনেক। কাঁচামাল রাখাও যায় না। যে দামেই হোক বিক্রি করা ছাড়া উপায় নেই।’
বদরগঞ্জ হাটে মরিচের পাইকারি বাজারের তোলা আদায়কারী শাহিনুর ইসলাম বলেন, ‘আজ হাটে (গতকাল) মরিচচাষিরা মরিচ বিক্রি করতে এসে দাম না পেয়ে অনেকে কেঁদেছেন।’
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘এবার আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বিক্রি করতে এসে চাষিরা লেবার খরচও কোনো সময় ওঠাতে পারছেন না। তবে একটু ঝড়-বৃষ্টি ও বন্যা হলে তখন কাঁচা মরিচের দাম বেড়ে যাবে।’