প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলা করেন নগরের চকবাজার এলাকার কোহিনুর আক্তার নামের এক নারী।
অভিযুক্ত বাকি চারজন হলেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক ওয়াহিদা ইদ্রিস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সংস্থার কর্মকর্তা রেজাউল করিম ও মাহমুদা চৌধুরী।
বাদীর আইনজীবী এ এইচ এম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের ১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত চকবাজারসহ নগরের বিভিন্ন স্থানের ৩০০ দরিদ্র মানুষের কাছ থেকে কিস্তিতে ৫১ লাখ ৬০ হাজার টাকা জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্যাডে গ্রহণ করা হয়। তাঁদের রেশন ও বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্তির কথা বলে টাকা নেওয়া হয়। কিন্তু পরে সেই টাকা ফেরত দেওয়া হয়নি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক ওয়াহিদা ইদ্রিস গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। কেউ সংস্থার ভুয়া প্যাড ব্যবহার করে লোকজনের সঙ্গে প্রতারণা করলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত।
জানতে চাইলে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির নাম ভাঙিয়ে কেউ এ কাজ করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে থাকবেন তাঁরা। অসহায় নারীদের টাকা যারা মেরে দিয়েছে, তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।