কক্সবাজারের রামু, উখিয়া ও সদর উপজেলার পাঁচটি বৌদ্ধমন্দির ভাঙচুর ও হামলার পৃথক পাঁচটি মামলায় পুলিশ ১৫২ জনকে আসামি করে গতকাল রোববার রাতে কক্সবাজার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে।
এর মধ্যে উখিয়ার দুটি মামলায় ৫৪ জন, রামুর একটিতে ৩৮ জন এবং কক্সবাজার সদর উপজেলার দুটি মামলায় ৬০ জনকে আসামি করা হয়েছে। আজ সোমবার সকালে টেকনাফ ও উখিয়ার আরও দুটি পৃথক মামলায় ১১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। এর সত্যতা নিশ্চিত করে গতকাল রাত সাড়ে ১০টায় পুলিশ সুপার মো. আজাদ মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল রাতে পাঁচটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং কাল (আজ সোমবার) সকালের মধ্যে আরও দুটি মন্দির হামলা ও ভাঙচুরের মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। সাতটি মামলায় আসামি করা হয়েছে ৩৬৪ জনকে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৯৩ জনকে। চার্জশিটভুক্ত পলাতক আরও ১৭১ জন আসামিকে ধরার চেষ্টা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, সাত মামলায় অভিযুক্ত ৩৬৪ আসামির মধ্যে উল্লেখযোগ্য কেউ নেই। হামলার সময় পুলিশের হাতে আটক লোকজনই মামলার আসামি হয়েছে।
পুলিশ সুপার বলেন, অভিযোগপত্র দেওয়া সাতটি হচ্ছে ছোটখাটো মামলা। রামু ও উখিয়ার প্রাচীন বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা আরও কয়েকটি মামলার অভিযোগপত্র চূড়ান্ত করা হচ্ছে।
কক্সবাজার আদালতের পুলিশ ইন্সপেক্টর মিজবাহ উদ্দিন বলেন, গতকাল রাতে ১৫২ জনকে আসামি করে পাঁচটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
গত বছরের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে পবিত্র কোরআন শরিফ অবমাননার ছবিকে কেন্দ্র করে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী রামুর ১২টি বৌদ্ধবিহার ও ৩৪টি বসতিতে অগ্নিসংযোগ করে। পরের দিন ৩০ সেপ্টেম্বর উখিয়া ও টেকনাফের আরও সাতটি মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় প্রায় ১৫ হাজার লোকের বিরুদ্ধে ১৯টি পৃথক মামলা করা হয়।