চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে তাণ্ডবের ঘটনার আজ শুক্রবার এক বছর পূর্ণ হলেও পাঁচ মামলায় সাড়ে ১৬ হাজার আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র ১৮৮ জন। তাঁদের মধ্যে ৩৫ আসামি উচ্চ আদালত থেকে জামিনে আছেন। পাঁচ মামলার মধ্যে একটি মামলায়ও প্রতিবেদন দিতে পারেনি পুলিশ।
তবে পুলিশের দাবি, তিনটি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। যাচাই-বাছাই করে কিছুদিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে আদালতে। প্রতিটি মামলায় ২০০ জন করে আসামি থাকছেন। পুলিশ জানায়, তদন্তে উঠে আসে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে এ তাণ্ডব চালায়। আর ভুজপুরের কাজিরহাট মসজিদে মাইকের মাধ্যমে প্রথম উসকানি দেন বেলাল ও দুর্ধর্ষ শিবির ক্যাডার কালাইয়া। তবে জামায়াত তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে।
ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির হাবিব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের মিছিলে হামলার সঙ্গে জামায়াত-শিবির জড়িত নয়। আমাদের অভিযুক্ত করা হলে এটা হবে রাজনৈতিক হয়রানি। প্রশাসনের উচিত প্রকৃত অপরাধীদের শনাক্ত করা।’
ফটিকছড়ি থেকে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম পেয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার দিন ২০০ থেকে ২৫০ সন্ত্রাসী এ নৃশংস তাণ্ডব চালায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য দ্রুত দায়ীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাগুলোর বিচার করতে হবে।
গত বছরের ১১ এপ্রিল ভুজপুরে তাণ্ডবের সময় পিটিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে। এ ছাড়া তাঁদের বহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয়। আহত হন দলের শতাধিক নেতা-কর্মী।
এ ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবার, থানাপুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষে পাঁচটি মামলা করা হয়। এতে আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি দেখানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘ভুজপুরে তাণ্ডবের পাঁচ মামলার মধ্যে তিনটি মামলার তদন্ত শেষ পর্যায়ে। মামলার আসামি ও সাক্ষী বেশি হওয়ায় যাচাই-বাছাই করতে সময় লাগছে। আশা করি, কিছুদিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করা যাবে আদালতে।’
আসামি গ্রেপ্তার না হওয়া, তদন্তে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল পাশা শওকত বলেন, ‘আমি নিজেও একটি মামলার বাদী। বিএনপি, হেফাজত ও জামায়াত-শিবিরের অনেক এজাহারভুক্ত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাঁদের গ্রেপ্তারে পুলিশের কোনো ভূমিকা দেখা যায় না।’
তাণ্ডবের শিকার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল বশর চৌধুরী বলেন, ‘এ সহিংস ঘটনার ইন্ধনদাতা কয়েকজন জামায়াত-সমর্থক ইউপি চেয়ারম্যান। একাধিক মামলায় তাঁরা আসামি হলেও পুলিশ তাঁদের ধরছে না।’
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ঘটনার পর থেকে শিবির ক্যাডার বেলালসহ অন্যরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের ধরতে অভিযান অব্যাহত আছে।