গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে করা পাঁচ মামলার অভিযোগ গত মঙ্গলবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল ১৮ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর সিলেট নগরের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়। নাশকতা সৃষ্টির অভিযোগে এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা, শাহপরান ও জালালাবাদ থানায় একটি করে মোট তিনটি এবং কোতোয়ালি থানায় দুটি মামলা দ্রুত বিচার আইনে দায়ের করে পুলিশ। এজাহারে আসামি অজ্ঞাতনামা বলে উল্লেখ করা হলেও পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে এই পাঁচ মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ হিসেবে উল্লেখ করে তাঁকেসহ বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়।মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন। আদালত এই আবেদন না-মঞ্জুর করে অভিযোগ গঠন করেন।