পাঁচ মামলায় আরও ১৮ দিনের রিমান্ডে শিবিরের সভাপতি
গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যাসহ পৃথক পাঁচ মামলায় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে আরও ১৮ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।গত ৩১ মার্চ রাজধানীর শ্যামলী থেকে শিবিরের সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মোহাম্মদপুর থানার দুটি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে মতিঝিল, তেজগাঁও, রামপুরা, কলাবাগান ও উত্তরা থানার মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।দেলাওয়ারের আইনজীবীরা আদালতকে বলেন, পুলিশ অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে দেলাওয়ারকে নির্যাতন করেছে। রাষ্ট্রপক্ষে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশনের সহকারী কমিশনার আমিনুর রহমান আদালতকে বলেন, আসামিকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন। এই পর্যায়ে মহানগর হাকিম মনিরুজ্জামান আসামিপক্ষের আইনজীবীর উপস্থিতিতে দেলাওয়ার হোসেনের দেহ পরীক্ষা করার নির্দেশ দেন।পরে আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে পরীক্ষা করে আসামির শরীরে নির্যাতনের কোনো চিহ্ন পাননি তাঁর আইনজীবীরা। আজ শিবিরের বিক্ষোভ: সভাপতিকে নতুন করে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে ছাত্রশিবির আজ বুধবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি ঘোষণা দিয়েছে।