পাঁচ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক পাঁচ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। এসব মামলায় জামিনের ফলে মির্জা ফখরুলের মুক্তি পেতে আইনগত বাধা নেই বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন।আদালত সূত্র জানায়, গত ২ মার্চ রাজধানীতে ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রমনা, পল্টন ও শাহজাহানপুর থানায় পুলিশের করা পাঁচটি মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়। তিনি এসব মামলায় ১০ মার্চ উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে অন্য নেতাদের সঙ্গে ফখরুলকেও কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এরপর তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।আইনজীবীরা জানান, গত ২৮ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে তাঁর পাঁচটি জামিন আবেদন কার্যতালিকায় ছিল। কিন্তু বেঞ্চের একজন বিচারপতি তা শুনতে বিব্রত বোধ করেন। পরে প্রধান বিচারপতি আবেদনটি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে পাঠান। এই বেঞ্চ গতকাল জামিন মঞ্জুর করেন। ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।