পাঁচ মামলায় মন্টু ঘোষকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শ্রমিকনেতা মন্টু ঘোষকে পৃথক পাঁচ মামলায় নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। তেজগাঁও শিল্পাঞ্চল ও আদাবর থানার পুলিশ পৃথক পাঁচটি মামলা আদালতে হাজির করে আলাদাভাবে রিমান্ডে নেওয়ার আবেদন করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ মহানগর হাকিম রাশেদ কবীরের আদালতে দ্রুত বিচার আইনে করা দুটি মামলায় সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।পরে পৃথক আদালতে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধনের মামলায় মন্টু ঘোষকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। মহানগর হাকিম ইসমাইল হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া পৃথক আরও দুই আদালতে আদাবর থানায় দায়ের করা দ্রুত বিচার আইনে মামলা এবং পুলিশের কাজে বাধা, বিস্ফোরকদ্রব্য নিক্ষেপ ও ভাঙচুরের মামলায় সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত দ্রুত বিচার আইনের মামলায় এক দিন এবং ভাঙচুরের মামলায় তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।