পাঁচ মামলায় রিজভীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে করা পৃথক পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছয় মাসের জামিন পেয়েছেন। তবে রমনা থানায় করা একটি মামলা থাকায় এখনই তিনি জামিন পাচ্ছেন না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

রিজভীর করা আপিল গ্রহণ করে গতকাল বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। জামিন নামঞ্জুর করে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে এই আপিল করা হয়েছিল।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন।

সগীর হোসেন পরে প্রথম আলোকে বলেন, আপিল গ্রহণ করে হাইকোর্ট পাঁচ মামলায় রিজভীর ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন। তবে রমনা থানায় আরেকটি মামলা থাকায় এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না।

রিজভীর আইনজীবী বলেন, নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি মামলা হয়। এই পাঁচ মামলায় রিজভী গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে চলতি সপ্তাহে আপিল করেন রিজভী। এর ওপর শুনানি নিয়ে গতকাল আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন। রিজভী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।