চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে প্রায় পাঁচ মাস আগের বিরোধ থেকে ক্ষোভ জমছিল। সেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে গত বুধবার। ওই দিন দুই পক্ষের সংষর্ষে নিহত হন দুই ছাত্র। নিহত দুজনই ছাত্রশিবিরের নেতা বলে জানা গেছে।গত বছরের ১৯ সেপ্টেম্বর নগরের মুরাদপুর এলাকায় একজন সহকারী পুলিশ কমিশনারসহ কয়েকজন পুলিশের ওপর জামায়াত-শিবির চোরাগোপ্তা হামলা চালায়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মুরাদপুরের ঘটনার খবর ওই দিন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়। ওই রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের টিভি কক্ষে ছাত্রশিবিরের সমর্থকেরা তাঁদের পছন্দের চ্যানেলে খবরটি দেখতে চেয়েছিলেন। ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা তাঁদের পছন্দের চ্যানেলে খবর দেখতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।এ ঘটনার জের ধরে পাঁচ মাসে অন্তত চার দফা মারামারি ও সংঘর্ষ হয়। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে আধিপত্য ধরে রাখতে মরিয়া ছাত্রশিবির। তবে আসল দ্বন্দ্ব শুরু হয় গত বছরের ১৯ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী হলে টিভি দেখা নিয়ে। এরপর ওরা গায়ে পড়ে আমাদের সঙ্গে ঝগড়া করে। সর্বশেষ গত বুধবার আমাদের জ্যেষ্ঠ নেতারা ঢাকায় অবস্থান করছিল। এই সুযোগে ওরা আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালালে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।’দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হয় গত ২৬ নভেম্বর। আগের দিন ২৫ নভেম্বর ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সোহরাওয়ার্দী হলের বিভিন্ন ভবনে দেয়াললিখন করে ছাত্রলীগ ও শিবির। ওই সময় ভবনের দেয়াল দখল নিয়ে দা-রড ও লাঠিসোঁটা নিয়ে হলে মুখোমুখি অবস্থান নেন দুই সংগঠনের নেতা-কর্মীরা। দু্ই সংগঠনের এ মুখোমুখি অবস্থানে ভীতসন্ত্রস্ত হয়ে অনেক শিক্ষার্থী হল ত্যাগ করেন। পরে হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোহরাওয়ার্দী হলের সংঘর্ষের পর শিবির ও ছাত্রলীগের মধ্যে ক্রমেই উত্তেজনা বাড়ছিল। তারা বিভিন্ন সময় মুখোমুখি অবস্থানে চলে আসে। গত বছরের ২৫ অক্টোবর শাহজালাল হলে এবং সর্বশেষ ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আরও দুই দফা সংঘর্ষ হয়।এ প্রসঙ্গে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সদ্য বিদায়ী সভাপতি মো. সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিবিরকে আবাসিক হলগুলো থেকে বের করে দিতে ছাত্রলীগ মরিয়া হয়ে উঠেছে। তাদের হামলার শিকার আমাদের নেতা-কর্মীরা।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. তানজীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘শিবির আমাদের নেতা-কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে।’