নির্মাণে ত্রুটির কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ট্রাক টার্মিনালটি প্রায় পাঁচ মাস ধরে জলাবদ্ধ হয়ে আছে। ফলে পণ্যবাহী ট্রাকগুলোকে টার্মিনালের পরিবর্তে মহাসড়কের ওপর রাখতে হচ্ছে। এ কারণে ট্রাকচালকেরা নানা হয়রানির শিকার হচ্ছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, প্রায় পাঁচ মাস ধরে টার্মিনালের তিন-চতুর্থাংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাকি অংশটুকুতে স্থানীয় ও দূরপাল্লার বাস রাখায় পণ্যবাহী কোনো ট্রাক রাখা যাচ্ছে না। গত ঈদের আগে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে এ নিয়ে আলোচনাও হয়েছে। সেখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য বিআইডব্লিউটিএকে বলা হয়েছে, কিন্তু এখনো কাজ হয়নি।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, দৌলতদিয়া ঘাটে মহাসড়কের পাশে প্রায় ৩০০ ট্রাক ধারণক্ষমতাসম্পন্ন বিআইডব্লিউটিএর একটি টার্মিনাল রয়েছে। টার্মিনালটি নির্মাণের পর থেকে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়াসহ লোকাল ও দূরপাল্লার বাস রাখায় প্রায় অর্ধেক জায়গা বেদখল হয়ে গেছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চার কোটি দুই লাখ টাকা ব্যয়ে গত বছরের ডিসেম্বরে ফেরিঘাট থেকে বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টার পর্যন্ত ১ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ ও ১০ দশমিক শূন্য ৩ মিটার প্রস্থের একটি বিকল্প সড়ক নির্মাণ করে। কিন্তু সড়কে পানি নিষ্কাশনব্যবস্থা না করায় বৃষ্টি হলেই টার্মিনালে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
সওজ বিভাগ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, ‘টার্মিনালে যাতে জলাবদ্ধতা না থাকে, এ জন্য বিকল্প সড়ক তৈরির সময় পাইপ বসাতে গেলে স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি বাধা দেন। ফলে পাইপ বসানো সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষও অবগত আছে। এখন আমাদের তেমন করার কিছুই নেই।’
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন বলেন, টার্মিনালে জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, বলেন, সওজ বিভাগ বিকল্প (বাইপাস) সড়ক নির্মাণ করায় টার্মিনালটি অনেক নিচু হয়ে গেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঈদুল আজহার কয়েক দিন পরই ফেরিঘাট এলাকায় খননযন্ত্রের মাধ্যমে মাটি ফেলে বিকল্প সড়ক সমান করা হবে।