পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য জাতীয়করণ হওয়া খাগড়াছড়ি জেলার দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষক পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। এসব বিদ্যালয়ের শিক্ষকেরা বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারা দেশের মতো খাগড়াছড়ি জেলাতে ১৫৪টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। এসব বিদ্যালয়ে ৬১৬ জন শিক্ষক রয়েছেন। চাকরি জাতীয়করণের পর থেকে শিক্ষকেরা নিয়মিত বেতন পাচ্ছেন না। সর্বশেষ গত সেপ্টেম্বর থেকে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি জেলা শহরের এপিবিএন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম জানান, আগে নিয়মিত বেতন পেলেও এখন সরকারি ঘোষণার পর গত সেপ্টেম্বর মাস থেকে বেতন বন্ধ রয়েছে। বেতন বন্ধ থাকায় আর্থিক সংকটের মধ্যে পরিবার-পরিজন নিয়ে দিন পার করছি।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার জানান, সারা দেশেই রেজিস্টার্ড বেসরকারি শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। আগে তাঁদের বেতন দেওয়া হতো বেসরকারি খাত থেকে। এখন বেতন আসবে রাজস্ব খাত থেকে। কিছু প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে বরাদ্দ না আসায় শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। শিগগিরই বকেয়াসহ পুরো বেতন দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন জেলা শিক্ষা কর্মকর্তা।