বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দমদমা উচ্চবিদ্যালয়ের ১২ শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে জাসদের স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতার মতভেদের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
দমদমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাত-আটজন শিক্ষক জানান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি আজিজুর রহমান। চলতি বছরের জানুয়ারি মাসে ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। ১৯ মার্চ রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অ্যাডহক (অস্থায়ী) কমিটি গঠনের জন্য প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়। বোর্ডের চিঠি পাওয়ার পর আজিজুর রহমানকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন দেওয়ার জন্য বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন তাঁর দলীয় প্যাডে সুপারিশ করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ এবং বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের জাসদের সাংসদ এ কে এম রেজাউল করিম রাজশাহী বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য সুপারিশ করেন। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ১০ জুন প্রধান শিক্ষকের কাছে পাঠানো চিঠিতে লুৎফর রহমানকে সভাপতি করে অ্যাডহক কমিটি পাঠানোর নির্দেশ দেন।
প্রধান শিক্ষক ফজলার রহমান বলেন, বোর্ড থেকে মোট তিনটি চিঠি দেওয়া হয়েছে। ১০ জুনের প্রথম চিঠিতে যে ব্যক্তিকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন দিতে বলা হয়েছে, তাঁকে কিছুতেই মেনে নিতে রাজি নন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিষয়টি বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। ২০ জুলাই দ্বিতীয় চিঠিতে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবিধানমালার ২০০৯-এর ৯ ধারা অনুসরণ করার নির্দেশ দেন। ওই প্রবিধানমালায় উল্লেখ রয়েছে, পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত আগের কমিটি দায়িত্ব পালন করবে।
প্রধান শিক্ষক আরও বলেন, বোর্ডের ওই চিঠিসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের কাগজপত্র সোনালী ব্যাংকের নন্দীগ্রাম শাখায় জমা দেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে বিল না দিয়ে ব্যাংক থেকে কাগজপত্র ফেরত পাঠানো হয়েছে। এরপর চার মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাস দেয়নি সোনালী ব্যাংক।
প্রধান শিক্ষক বলেন, ৪ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের তৃতীয় চিঠিতে লুৎফর রহমানকে সভাপতি করে অ্যাডহক কমিটি পাঠাতে বলা হয়।
ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আজিজুর রহমান বলেন, ‘সাধারণত অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য প্রধান শিক্ষক তিনজনের নাম পাঠান। বোর্ড সেখান থেকে তাদের ইচ্ছেমতো একজনের নামের পাশে টিক চিহ্ন দিয়ে মনোনয়ন দেয়। কিন্তু এই বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে একজনের নাম পাঠানোর জন্য বোর্ড থেকেই চিঠি দিয়ে প্রধান শিক্ষকের ওপর চাপ সৃষ্টি করা হয়। বাধ্য হয়ে আমরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করি। পরে এই চিঠি চ্যালেঞ্জ করে ১৩ অক্টোবর আদালতে মামলা দায়ের করি।’
সোনালী ব্যাংকের নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক খোন্দকার মোহাম্মদ ফেরদৌস বলেন, ‘কমিটি গঠন নিয়ে জটিলতার কারণে কার স্বাক্ষরে বেতন-ভাতা দেওয়া হবে, তা জানতে চেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন শাখায় চিঠি দেওয়া হয়। সেখান থেকে মতামত দেওয়া হয়েছে, কমিটিবিহীন বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ভাতার সরকারি অংশের বিলে জেলা শিক্ষা কর্মকর্তা স্বাক্ষর করবেন। কিন্তু ওই বিদ্যালয়ের শিক্ষকেরা জেলা শিক্ষা কর্মকর্তার সইসহ বিল দাখিল করতে পারেননি। ফলে তাঁদের বিল ছাড় দেওয়া সম্ভব হয়নি।’
বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘বোর্ডের প্রবিধান অনুসরণসংক্রান্ত চিঠি অনুযায়ী আগের কমিটিই এখনো বহাল রয়েছে। ওই চিঠি অনুযায়ী আগের কমিটির সভাপতির স্বাক্ষরেই বেতন-ভাতা হওয়ার কথা। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা বিষয়টির ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তাঁরা শিক্ষকদের বেতন আটকানোর দায় আমার ওপর চাপানোর চেষ্টা করছেন। বিষয়টি আদালতে গড়িয়েছে। তাই আদালতেই ফয়সালা হবে।’