পাঁচ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উত্পাদন শুরু
গ্যাসসংকটের কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গত মঙ্গলবার সকালে পুনরায় উত্পাদন শুরু হয়েছে। এতে প্রায় ৩০৬ কোটি টাকার ইউরিয়া সার উত্পাদন ব্যাহত হয়েছে।আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন জানান, গ্যাসসংকটের কারণে গত ৯ মার্চ থেকে কারখানার উত্পাদন বন্ধ রাখা হয়। এরপর ১৫৩ দিন পর্যন্ত পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় কারখানা চালু করা যায়নি। কারখানা পুরো মাত্রায় চালু করতে ৪৮ থেকে ৫২ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন ছিল। কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছিল ২৭ থেকে ২৮ এমএমসিএফ গ্যাস। এ জন্য কারখানা চালু করা যায়নি। ৯ আগস্ট থেকে কারখানার চাহিদা অনুযায়ী পুরোমাত্রায় গ্যাস সরবরাহ পান তাঁরা। মঙ্গলবার সকাল ১০টায় কারখানায় ইউরিয়া সার উত্পাদন আবারও শুরু হয়। এদিকে দীর্ঘ পাঁচ মাস উত্পাদন বন্ধ থাকায় গত অর্থবছরে কারখানার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বিসিআইসি কর্তৃপক্ষ কারখানায় গত অর্থবছরে সাড়ে তিন লাখ মেট্রিক টন ইউরিয়া সার উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও কারখানা বন্ধ থাকায় মাত্র আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উত্পাদিত হয়েছে। বর্তমানে কারখানায় ১২ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে।